ইতিহাস গড়ে বিশ্বসুন্দরী খেতাব জিতলেন ওপাল সুচাতা চুয়াংসরি, জেনেনিন তার পরিচয়?

ঝলমলে আলোয় সেজে ওঠা হায়দরাবাদের মঞ্চে রচিত হলো নতুন ইতিহাস। বিশ্বসুন্দরী ২০২৫ প্রতিযোগিতার ৭২তম সংস্করণে শেষ হাসি হাসলেন থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুচাতা চুয়াংসরি, জিতে নিলেন বহু কাঙ্ক্ষিত বিশ্বসুন্দরীর মুকুট। তিনিই প্রথম থাই নারী, যিনি এই মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করলেন। যদিও ভারতের নন্দিনী গুপ্তার স্বপ্নভঙ্গ হলো, তবুও তিনি টপ মডেল বিভাগে নজর কেড়েছেন।

এক ঝলকে মূল মুহূর্তগুলি:
বিজয়ী: ওপাল সুচাতা চুয়াংসরি (থাইল্যান্ড)
আয়োজন স্থল: হায়দরাবাদ, ভারত
সংস্করণ: ৭২তম মিস ওয়ার্ল্ড
টপ মডেল জয়ীরা: জেসমিন গারহার্ড (আয়ারল্যান্ড), সেলমা কামানিয়া (নামিবিয়া), নন্দিনী গুপ্তা (ভারত), অরেলি জোয়াকিম (মার্টিনিক)

নন্দিনীর উজ্জ্বল পারফরম্যান্স:
ভারতের প্রতিনিধি নন্দিনী গুপ্তা নিজ দেশের মাটিতে দারুণ পারফর্ম করে ‘টপ মডেল’ চ্যালেঞ্জ জিতে নেন। এই জয়ের সুবাদে তিনি কনটিনেন্টাল টপ ১০-এ জায়গা করে নিতে সক্ষম হন। যদিও ফাইনাল টপ ৮-এ তার জায়গা হয়নি, তবুও তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং চমৎকার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।

ওপাল সুচাতার অসামান্য যাত্রা:
ওপাল সুচাতা চুয়াংসরি এর আগেও সৌন্দর্যের মঞ্চে নিজের ছাপ রেখেছেন। তিনি মিস ইউনিভার্স থাইল্যান্ড ২০২৪ শিরোপা জিতেছিলেন এবং মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় তৃতীয় রানার-আপ হয়েছিলেন। থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ওপাল, তার বুদ্ধিদীপ্ততা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেছেন। প্রথম থাই প্রতিযোগী হিসেবে মিস ওয়ার্ল্ডের মুকুট জয় করে তিনি নিজ দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করলেন।

হায়দরাবাদের এই গ্র্যান্ড ফিনালে শুধু সৌন্দর্যের প্রতিযোগীতা ছিল না, ছিল বিভিন্ন সংস্কৃতি ও দেশের প্রতিনিধিত্বের এক মিলনমেলা। আর সেই মঞ্চেই থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি প্রমাণ করলেন, স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব।