বিশ্ব ধূমপানবিরোধী দিবস আজ! এই অভ্যাস আপনাকে কীভাবে তিলে তিলে শেষ করে দেখুন

প্রথম টানটায় হয়তো লাগে আরাম, কিন্তু প্রতিদিনের তামাক সেবন যেন শরীরের বিরুদ্ধে নীরব যুদ্ধ ঘোষণা করা। ধীরে ধীরে, সন্তর্পণে তামাক তার বিষাক্ত থাবা বসায় শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গে। জেনে নিন, এই ধীরগতির বিষ কীভাবে আপনার শরীরকে কুরে কুরে খায়।

ফুসফুস: ধোঁয়ায় মোড়া মারণক্ষেত্র
তামাকের প্রথম এবং প্রধান শিকার হল আপনার ফুসফুস। দীর্ঘদিনের ধোঁয়া সেবনে বাসা বাঁধে সিওপিডি, হাঁপানি, এমফিসেমা আর ক্রনিক ব্রঙ্কাইটিসের মতো ভয়ংকর রোগ। শুধু তাই নয়, ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনাও এতে দ্বিগুণ বেড়ে যায়। প্রতিটি ধোঁয়ার কুণ্ডলী যেন আপনার শ্বাস নেওয়ার ক্ষমতাকে ক্রমশ দুর্বল করে তোলে।

হৃৎপিণ্ড ও রক্তনালী: নিকোটিনের কঠিন বাঁধন
তামাকে থাকা নিকোটিন আপনার রক্তনালীগুলিকে ধীরে ধীরে সংকুচিত করে দেয়। এর সরাসরি ফলস্বরূপ বাড়ে রক্তচাপ, যা ডেকে আনে হৃদরোগের ঝুঁকি। দীর্ঘকাল ধরে ধূমপান করলে রক্ত জমাট বাঁধার মতো মারাত্মক সমস্যাও হতে পারে। আপনার হৃদস্পন্দনকে বিষিয়ে তোলে এই নীরব ঘাতক।

স্নায়ুতন্ত্র: ধোঁয়ায় আচ্ছন্ন বিবেক
তামাক কেবল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকেই আঘাত হানে না, মুহূর্তে বাড়িয়ে তোলে রক্তচাপ। সুস্থ মস্তিষ্কের জন্য ধূমপান ত্যাগ করা অপরিহার্য। স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তির বিচার-বিবেচনা লোপ পায়, ভালো-মন্দের পার্থক্য ঘুচে যায়। আপনার চিন্তাশক্তিকে ভোঁতা করে দেয় এই অভ্যাস।

পরিপাকতন্ত্র: পেটের ভেতর আগুনের হলকা
তামাকের বিষাক্ত প্রভাব পড়ে আপনার পরিপাকতন্ত্রের উপরেও। দীর্ঘদিন ধূমপান করলে পেটে আলসার, কোলন ক্যান্সার এমনকি পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিও বহু গুণ বেড়ে যায়। আপনার হজমক্ষমতাকে দুর্বল করে তোলে এই বদভ্যাস।

প্রজননতন্ত্র: বন্ধ্যাত্বের নীরব আহ্বান
নারী কিংবা পুরুষ, অতিরিক্ত ধূমপান উভয়ের প্রজননতন্ত্রের জন্যই ক্ষতিকর। পুরুষদের শুক্রাণুর গুণমান কমতে শুরু করে, তেমনই মহিলাদের ডিম্বাণুর উপরও পড়ে খারাপ প্রভাব। নীরবে ডেকে আনে বন্ধ্যাত্বের মতো কঠিন পরিণতি।

তাই, প্রতিদিনের এই সামান্য ‘স্বস্তি’ আসলে আপনার শরীরের জন্য এক দীর্ঘমেয়াদী অভিশাপ। সময় থাকতে সচেতন হোন, আর মুক্তি দিন আপনার শরীরকে এই নীরব ঘাতকের হাত থেকে। কারণ, আপনার সুস্থ জীবন আপনারই হাতে।