গভীর রাত, মাথায় বন্দুক ঠেকিয়ে কালীগঞ্জের ১২টি বাড়িতে লুটপাট! আতঙ্কে কাঁটা মানুষ

নদিয়ার কালীগঞ্জ থানার জুড়ানপুর ফাঁড়ির অন্তর্গত আকন্দবেড়িয়া গ্রামে এক রাতে পর পর বারোটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা গৃহকর্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায় এবং যাওয়ার সময় তাঁদের বেঁধে রেখে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা আকন্দবেড়িয়া গ্রামের ১২টি বাড়িতে হানা দিয়ে নগদ প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা ও ৬ ভরি সোনার গয়না লুট করে চম্পট দেয়।
স্থানীয় বাসিন্দা শুকিলা বিবি অভিযোগ করেন, দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে তাঁর ছেলের ঘরে কিছু স্প্রে করে, যার ফলে ছেলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর এক দুষ্কৃতী তাঁর মাথায় বন্দুক ধরে ঘরে লুটপাট চালায়। ভয়ে তিনি চিৎকার করতে পারেননি। দুষ্কৃতীরা যাওয়ার সময় তাঁকে দড়ি দিয়ে বেঁধে রেখে যায় এবং তাঁর কানের দুলও ছিনিয়ে নেয়।
একই অভিযোগ করেন নূর ইসলাম শেখ। তাঁর দাবি, চারজন দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে ১ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায়।
এছাড়াও আরও দশটি বাড়িতে একই কায়দায় লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা জানতে পারেন বাড়ির লোকজন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন এলাকাবাসী।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, রাতারাতি এতগুলি বাড়িতে একই ধরনের লুঠপাটের ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত এবং এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।