“ও তো জল বয়”, মুশিরকে খোঁচা বিরাটের, কিং কোহলির উপর চটলেন নেটিজ়েনরা

বিরাট কোহলি মাঠে থাকা মানেই দলের ক্রিকেটারদের মধ্যে এক আলাদা উদ্দীপনা দেখা যায়। খাতায়-কলমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর অধিনায়ক রজত পাতিদার হলেও, মাঠে বিরাটের উপস্থিতি মানেই ফিল্ডিং সাজানো থেকে শুরু করে দলের সবাইকে উদ্বুদ্ধ করার গুরুদায়িত্ব তিনি নিজেই কাঁধে তুলে নেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও তেমনই ছবি দেখা গিয়েছিল, যেখানে RCB দাপুটে জয় ছিনিয়ে নিয়ে IPL ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। একদিকে RCB শিবিরে যখন খুশির হাওয়া, অন্যদিকে নেট দুনিয়ায় বিরাট কোহলিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, তরুণ ক্রিকেটার মুশির খানকে উদ্দেশ্য করে তাঁর করা একটি মন্তব্য ঘিরে নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ।

ঠিক কী ঘটেছিল?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, পাঞ্জাবের ইনিংসের নবম ওভার চলাকালীন বিরাট কোহলি পাঞ্জাবের ক্রিকেটার মুশির খানকে উদ্দেশ্য করে বলেন, “ও তো জল বয়।” পাঞ্জাবের ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন মুশির খান। তিনি নামতেই কোহলি যেন স্লেজিংয়ের পন্থা অবলম্বন করেন, যা নিয়েই নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন বিরাট। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুশির যখন প্রথম ডেলিভারি ফেস করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখনই বিরাট তাঁকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন। স্টাম্প মাইকে বিরাটের এই কথোপকথন ধরা পড়েছে। একাধিক নেটিজেন কোহলির মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ আশা করেননি, তাই তাঁরা বেশ হতাশ হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবারের ম্যাচে মুশির খান ৩ বল খেলে শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন। RCB এই ম্যাচ জিতলেও, বিরাট কোহলির ব্যাট এদিন তেমন চলেনি। তিনি ১২ বলে মাত্র ১২ রান করে আউট হন।