“জানলা থেকে ছুড়েও হয়নি লাভ”-সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা

যেন সিনেমার দৃশ্য! আবাসনের একটি ফ্ল্যাটের জানলা থেকে রাশি রাশি টাকা উড়ে আসতে দেখে হতবাক হয়ে যান প্রতিবেশীরা। পরে জানা যায়, ভিজিল্যান্স বিভাগের তল্লাশির হাত থেকে বাঁচতেই এমন কাণ্ড ঘটিয়েছেন ওডিশার গ্রামোন্নয়ন দপ্তরের এক ইঞ্জিনিয়ার। তবে শেষরক্ষা হয়নি। অভিযুক্ত সরকারি ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গীর বাড়িতে তল্লাশি চালিয়ে শুক্রবার সকাল পর্যন্ত ২ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। তার একাধিক ফ্ল্যাট ও বাড়িতে এখনও তল্লাশি অভিযান চলছে।

বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গীর বিরুদ্ধে দুর্নীতি ও আয় বহির্ভূত উপার্জনের গুরুতর অভিযোগ ছিল। তিনি ওডিশা গ্রামোন্নয়ন দপ্তরের সড়ক নির্মাণ বিভাগে কর্মরত। এই অভিযোগের ভিত্তিতেই ভিজিল্যান্স বিভাগ ওডিশার আঙ্গুল, ভুবনেশ্বর এবং পিপিলি এলাকায় তার মোট সাতটি বাড়ি ও ফ্ল্যাটে হানা দেয়।

অভিযানের সময়, আঙ্গুলের বাড়ি থেকে ১.১ কোটি টাকা এবং ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে আরও ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে ৮ জন ডিএসপি, ১২ জন ইন্সপেক্টর এবং ৬ জন এএসআই-সহ ২৬ জনের একটি বিশাল টিম এই অভিযান শুরু করে। ভুবনেশ্বরে বৈকুণ্ঠনাথের ফ্ল্যাটে একটি টিম পৌঁছানো মাত্রই ফ্ল্যাটের জানলা দিয়ে নগদ টাকার বান্ডিল ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ভিজিল্যান্স অফিসাররা দ্রুত সক্রিয় হয়ে ওঠেন এবং সাক্ষীদের উপস্থিতিতে সেই বান্ডিলগুলি উদ্ধার করা হয়। এরপর বৈকুণ্ঠনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

তল্লাশি অভিযানের একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই সরকারি কর্মীর বাড়িতে রাশি রাশি নগদ টাকার পাহাড় জমে আছে। ৫০০ টাকা, ২০০, ১০০ এবং ৫০ টাকার নোটের বান্ডিল মেঝেতে ছড়িয়ে আছে। টাকা গোনার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে।

এই ঘটনা ওডিশার সরকারি মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে ভিজিল্যান্স বিভাগের কড়া অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গীর বিরুদ্ধে তদন্ত চলছে, এবং আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।