বনগাঁয় ব্যবসায়ীর বাড়িতে হানা! উদ্ধার দু’কুইন্টাল বিরল প্রজাতির কচ্ছপ, আধিকারিকরা হানা দিতেই ফাঁস সব কারবার

উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দু’কুইন্টাল বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল বন দফতর। সচেতনতা প্রচার সত্ত্বেও জেলায় এই বিরল প্রজাতির প্রাণীদের বিক্রি বন্ধ করা যাচ্ছে না। গোপনে খাওয়ার জন্য খোলা বাজারেও চলে যাচ্ছে এই কচ্ছপ।
গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁর ঢাকাপাড়ার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় বন বিভাগ। জানা যায়, বিক্রির উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে প্রায় দু’কুইন্টাল কচ্ছপ আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম নিতাই কুন্ডু। ঘটনায় ব্যবসায়ী নিতাই কুণ্ডুর স্ত্রী সহ ভিন রাজ্যের আরও পাঁচ জনকে আটক করেছেন বন দফতরের আধিকারিকরা।
শুধু ঢাকাপাড়াই নয়, সুভাষ নগরে আরও একটি বাড়িতেও বেআইনি বিলুপ্তপ্রায় কচ্ছপ মজুত করে রাখা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে বন দফতর বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার করে। এরপর তাদের বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও কচ্ছপ কারবারির মূল পান্ডা নিতাই কুন্ডু এখনও পলাতক।
ধৃত ভিন রাজ্যের পাঁচ জনের মধ্যে তিনজন নাবালক। তাদেরকে সল্টলেকের জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। ব্যবসায়ীর স্ত্রী সহ আরও দুজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। বন দফতর জানিয়েছে, বিলুপ্তপ্রায় কচ্ছপের বিক্রি আটকাতে জেলার বাজারগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।