শেষ হয়নি তদন্ত, সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি মন্ত্রীকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে ফের রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। মন্ত্রীর বিরুদ্ধে গঠিত সিট (বিশেষ তদন্ত দল) ইতিমধ্যেই তাদের প্রাথমিক রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে, যেখানে বিজয়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ সংগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। তবে, এখনো তদন্ত শেষ না হওয়ায় সুপ্রিম কোর্ট এই রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছে এবং তার বিরুদ্ধে দেশের একাধিক স্থানে এফআইআর দায়ের করা হয়েছে।

গত ৭ মে পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল। এই নির্ভুল ও নিখুঁত হামলার পর এক সাংবাদিক সম্মেলন করে ‘অপারেশন সিঁদুরের’ বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। এই ঘটনার পরেই মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি কুরেশির নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্য যে তাকে উদ্দেশ্য করেই ছিল, তা বুঝতে কারও বাকি ছিল না। বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় শাহ দাবি করেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতে প্রস্তুত।

বিজয় শাহের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির তরফেও তাকে রীতিমতো তিরস্কার করা হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। সুপ্রিম কোর্টও বিজয়কে তিরস্কার করলেও, প্রথম থেকেই বিজেপি মন্ত্রীকে রক্ষাকবচ দিয়ে এসেছে। আজ বৃহস্পতিবার সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত সিট ইতিমধ্যে শীর্ষ আদালতে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, বিজয়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। তবে, তার কণ্ঠস্বরের নমুনা এখনো পরীক্ষা করা সম্ভব হয়নি, যার কারণে তার বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি।