বাংলাদেশে থাকেন প্রেমিক, বাড়ি থেকে পালিয়ে চুপি-চুপি দেখা করতে গিয়ে বিজিবির হাতে আটক প্রেমিকা

সীমান্তে ভারতের কঠোর নজরদারির মধ্যেই ফের অনুপ্রবেশের ঘটনা ঘটল। এবার প্রেমিকের কাছে বাংলাদেশে যেতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হয়েছেন এক ভারতীয় যুবতী। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হলেও, বিএসএফের সঙ্গে বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের পর ওই যুবতীকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, আটক যুবতীর বাড়ি মালদহ জেলার বামনগোলার কাশিমপুর এলাকায়। আজ, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের নাহিরকুরি সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, তখনই বিজিবির জওয়ানরা তাকে আটক করেন। তাৎক্ষণিকভাবে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে যোগাযোগ করে।

বিএসএফ সূত্রে খবর, এই ঘটনা নিয়ে বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বৃহস্পতিবার রাতেই বামনগোলা ব্লকের সীমান্ত দিয়ে ওই যুবতীকে ভারতে ফেরত আনা হবে। এরপর তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে বাংলাদেশের বিশেষভাবে সক্ষম এক যুবককে জোর করে ভারতীয় ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বিজিবি। সে সময় বিএসএফের কঠোর প্রতিরোধের মুখে পড়ে বিজিবি পিছু হটতে বাধ্য হয় এবং রাতভর ওই যুবককে ভারত-বাংলাদেশ সীমান্তের মাঝেই ফেলে রাখে। কিন্তু বর্তমান ঘটনায় বিএসএফের মানবিক পদক্ষেপ এবং ভারতীয় যুবতীকে ফেরানোর জন্য ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা, বিজিবির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করা হচ্ছে।