আজ ১২ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, এখন কোথায় নিম্নচাপ?

বিগত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার থাকলেও কলকাতা সহ রাজ্যের অন্যান্য অংশে তেমনভাবে প্রবল বৃষ্টি হয়নি। তবে আজ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে এক বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে এবং দুপুরের মধ্যেই সেটি বাংলা ও বাংলাদেশ উপকূলে প্রবেশ করবে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে দিঘা থেকে ১৩০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে জানানো হয়েছে। সুন্দরবন হয়ে তারপর এটি স্থলভাগে আরও গভীরে ঢুকবে।
এই মুহূর্তে রাজ্যের ১২টি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া। এই জেলাগুলিতে আজ অতি ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস। একই সাথে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুক্রবারও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কলকাতাতেও আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জোয়ারের সময় ভারী বৃষ্টি হলে শহরের নিচু এলাকাগুলো জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শহরে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গও রেহাই পাবে না। আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার কারণে এই জেলার জন্য লাল সতর্কতা জারি থাকছে।