সলমনের শত্রুর চরম সর্বনাশ, এনকাউন্টারে খতম বিষ্ণোই গ্যাংয়ের এক শার্প শুটারের

বুধবার রাতে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল সেলের যৌথ অভিযানে এনকাউন্টারে নিহত হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কুখ্যাত শার্প শুটার নবীন কুমার (৩৭)। গাজিয়াবাদের বাসিন্দা নবীন ২০টিরও বেশি মামলায় ওয়ান্টেড ছিল, যার মধ্যে খুন, খুনের চেষ্টা, অপহরণ এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা একটি নির্দিষ্ট স্থানে এক সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবর পান। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দল সেখানে পৌঁছলে নবীন তাদের লক্ষ্য করে আচমকা গুলি ছুঁড়তে শুরু করে। এর পরেই পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিতে গুরুতর আহত হয় বিষ্ণোই গ্যাংয়ের এই সদস্য। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীন কুমারের অপরাধ জগত ও সংযোগ
পুলিশের তথ্য অনুযায়ী, নবীন ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম আস্থাভাজন সদস্য এবং হাসিম বাবার ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে একাধিক রাজ্যের বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা বিচারাধীন ছিল। তার এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এলাকায় ভীতির সৃষ্টি করেছিল।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাং সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িত ছিল। বলিউড অভিনেতা সলমন খানকে একাধিকবার হুমকি দেওয়ার ঘটনায় এই গ্যাংয়ের নাম উঠে এসেছিল। এছাড়াও, মুম্বাইয়ের রাজনীতিবিদ এবং সলমনের বন্ধু বাবা সিদ্দিকিকে খুনের নেপথ্যেও প্রাথমিক তদন্তে বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে জানা গিয়েছিল। নবীন কুমারের মৃত্যু এই গ্যাংয়ের কার্যকলাপে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং নবীন কুমারের সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের সন্ধান চালাচ্ছে।