‘হেরাফেরি 3’ থেকে বাদ পরেশ রাওয়াল, ‘বাবুভাইয়া’কে নিয়ে কি বললেন অক্ষয়?

‘হেরাফেরি 3’ এবং পরেশ রাওয়ালকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে জনসমক্ষে মুখ খুললেন অভিনেতা অক্ষয় কুমার। মঙ্গলবার মুম্বইয়ে তাঁর মাল্টিস্টারার ছবি ‘হাউসফুল 5’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি পরেশ রাওয়ালের সঙ্গে বিবাদ এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্ষতিপূরণের নোটিস পাঠানোর খবর প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন। একই সঙ্গে, কানাঘুষোয় শোনা যাচ্ছে যে ‘বাবুভাইয়া’ চরিত্রে এবার পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যেতে পারে।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে অক্ষয় কুমার পরেশ রাওয়ালকে নিয়ে তাঁর মতামত জানান। যখন এক সাংবাদিক পরেশ রাওয়ালের প্রতি ‘ফুলিশ’ বা ‘বোকা’ শব্দ ব্যবহার করেন, তখন অক্ষয় কুমার সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন।
অক্ষয় সংবাদমাধ্যমকে বলেন, “প্রথমেই আপনাদের বলতে চাই, আপনারা আমার সহ অভিনেতার প্রতি ‘ফুলিশ’ যে শব্দ ব্যবহার করলেন আমি তাতে সম্মত নই। এটা ঠিক নয়। আমি তাঁর সঙ্গে ৩২ বছর কাজ করেছি। আমরা খুব ভালো বন্ধু। আর পরেশ রাওয়ালও খুব ভালো অভিনেতা। আমি তাঁকে সম্মান করি।”
বিতর্ক প্রসঙ্গে অক্ষয় কুমার সরাসরি কিছু বলতে নারাজ ছিলেন, কারণ তিনি জানান যে এই ঘটনাটি আদালতে বিচারাধীন। তাঁর কথায়, “যা কিছু সমস্যা আছে, আমার মনে হয় না, এটা সঠিক মঞ্চ বলার জন্য। যা কিছু ঘটেছে সেটা বেশ গুরুতর বিষয়। আর এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করেছে। তাই মনে হয় না, আমার এই নিয়ে কিছু বলা উচিত।” অক্ষয়ের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, এই ইস্যুটি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
মূলত এই বিতর্কের সূত্রপাত হয় যখন একাধিক সংবাদমাধ্যমে খবর আসে যে পরেশ রাওয়াল ‘হেরাফেরি 3’ থেকে সরে দাঁড়িয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির পূর্ববর্তী ছবিগুলি দর্শকদের মন ছুঁয়ে যাওয়ায় তৃতীয় অংশ নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা ছিল। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি অক্ষয় কুমার প্রযোজনাও করছেন।
অন্যদিকে, পরেশ রাওয়াল জানিয়েছেন যে তিনি পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে মতের অমিলের কারণে এই চরিত্র থেকে সরে আসেননি, বরং পরিচালকের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। তিনি এই কাজ থেকে সরে এসেছেন কারণ তাঁর মনে হয়েছে যে এই চরিত্রের আর নতুন কিছু দেওয়ার ছিল না দর্শকদের কাছে।
বর্তমানে শোনা যাচ্ছে যে, ‘বাবুভাইয়া’ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যেতে পারে, তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এই বিতর্ক এবং নতুন কাস্টিং নিয়ে ‘হেরাফেরি 3’ ছবির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।