ভারত-পাক উত্তজেনার আবহে তিন বাহিনীর জন্য মোদী সরকারের নতুন নির্দেশ, হলো কার্যকর

পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে যদিও সংঘর্ষবিরতি চলছে, তবুও উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। এই পরিস্থিতিতে ভারতের সামরিক প্রস্তুতি আরও জোরদার করতে মোদী সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী যৌথ কমান্ডের মাধ্যমে কাজ করবে। গত ২৭ মে থেকে এই নয়া নির্দেশ কার্যকর করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে, “এই পদক্ষেপের লক্ষ্য হল আন্তঃ পরিষেবা সংস্থাগুলির (ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশনস) কার্যকর কমান্ড, নিয়ন্ত্রণ ও দক্ষ কার্যকারিতা জোরদার করা, যার ফলে সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্য জোরদার করা হবে।” এর মাধ্যমে সামরিক কার্যক্রমে আরও বেশি সমন্বয় এবং কার্যকারিতা আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে গোটা দেশ ফুঁসে উঠেছিল। এর প্রতিক্রিয়ায় ভারত কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করে এবং দেশজুড়ে জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে। তারই ফলস্বরূপ, গত ৭ মে মধ্যরাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযান চালায়, যেখানে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে পাকিস্তান পর্যদুস্ত হয়।
‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় তিন বাহিনীর সম্মিলিত এবং সুসংহত প্রতিরোধের মুখে ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল হয়ে যায়। এই সফল প্রতিরোধের পরেই ভারতের তিন বাহিনীকে নিয়ে মোদী সরকার এই নতুন নির্দেশ জারি করল, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত এবং শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও কার্যকারিতা আরও বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য।