বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী! একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দু’দিনে (২৯ ও ৩০ মে) সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ—এই চারটি রাজ্য সফর করবেন। তাঁর এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, পাশাপাশি তিনি জনসভায় ভাষণও দেবেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টা নাগাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে সিকিমে পৌঁছবেন এবং সেখানে একটি কর্মসূচিতে যোগ দেবেন। সিকিমে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। সিকিমের ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
দুপুর ২:১৫ মিনিট নাগাদ: সিকিম থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে আসবেন। এখানে তিনি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী আলিপুরদুয়ারের এই সফর ‘অপারেশন সিঁদুর’-এর পর বেশ তাৎপর্যপূর্ণ।
সন্ধ্যা ৫:৪৫ মিনিট নাগাদ: পশ্চিমবঙ্গ সফর শেষে প্রধানমন্ত্রী বিহারে যাবেন। পাটনায় পৌঁছে তিনি পাটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।
শুক্রবার (৩০ মে) সকাল ১১টা নাগাদ: প্রধানমন্ত্রী বিহারের কারাকাতে পৌঁছবেন। সেখানে তিনি ৪৮,৫২০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি একটি জনসভায়ও ভাষণ দেবেন।
দুপুর ২:৪৫ মিনিট নাগাদ: কারাকাটের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ সফর করবেন। উত্তরপ্রদেশের কানপুর নগরে তিনি প্রায় ২০,৯০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। কানপুরেও তিনি একটি জনসভায় ভাষণ দেবেন।
দুই দিনের এই ঠাসা কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তে পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজে গতি আনার বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। এই সফর আসন্ন বিধানসভা নির্বাচনগুলির প্রেক্ষাপটেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।