কনেকে সোনা যৌতুক দিয়ে ৯০ বছরে বয়সে বিয়ে, পাকিস্তানি বৃদ্ধ বাবার বিয়ে দিল চার ছেলে

যখন ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা চলছে, তখন একটি অপ্রত্যাশিত বিষয়ে পাকিস্তান সবাইকে ছাপিয়ে গেল – আর তা হল বিয়ে! সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার শিঙ্গালা জেলায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধের দ্বিতীয় বিয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে, যা শুনে অনেকেই চমকে উঠেছেন। জানা গেছে, বৃদ্ধের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতেই তাঁর চার পুত্র এই বিয়ের আয়োজন করেন।

শিঙ্গালা জেলার এই ঘটনা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। নব্বই বছর বয়সী মাওলানা সাইফুল্লাহ তাঁর সন্তান, নাতি-নাতনি এবং অন্যান্য আত্মীয়স্বজনের উপস্থিতিতে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সাইফুল্লাহর ছেলেরা দীর্ঘদিন ধরেই তাঁদের বাবার জন্য একজন উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন। অবশেষে কনে খুঁজে পাওয়ার পর তাঁরা উৎসাহের সঙ্গে এই বিয়ের ব্যবস্থা করেন।

সাইফুল্লাহর সন্তানদের বক্তব্য অনুযায়ী, তাঁদের মায়ের মৃত্যুর পর বাবা অত্যন্ত একাকিত্ব অনুভব করছিলেন। এই শূন্যতা এবং একাকীত্ব কাটিয়ে উঠতেই তিনি পুনরায় বিয়ে করার পরিকল্পনা করেন। তাঁর পুত্ররা বাবার এই ইচ্ছাকে সম্মান জানিয়েই বিয়ের আয়োজন করেন।

বৃদ্ধের বিয়েতে উপস্থিত অতিথিরা সাইফুল্লাহর ছেলেদের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, বাবা-মায়ের ইচ্ছাকে সম্মান জানানো এবং বৃদ্ধ বয়সেও তাঁদের সুখকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। এটি একটি প্রগতিশীল এবং সহানুভূতিশীল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, মাওলানা সাইফুল্লাহ শুধু বিয়েই করেননি, একই সঙ্গে কনেকে যৌতুক হিসেবে সোনাও দিয়েছেন। এই বিয়ে সমাজের অনেক পুরনো প্রথা ও নিষেধাজ্ঞা ভেঙে দিয়েছে বলে মনে করছে তাঁর পরিবার। সাইফুল্লাহ প্রমাণ করেছেন যে, নতুন জীবন শুরু করার জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। এটি সমাজে এক নতুন বার্তা পৌঁছে দিচ্ছে, যেখানে বয়স্কদের ব্যক্তিগত সুখ ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।