আয়করদাতাদের স্বস্তি দিয়ে ITR দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্র, কিন্তু কেন?

আয়কর রিটার্ন (আইটিআর) দাখিল করার শেষ মুহূর্তের টেনশন থেকে মুক্তি মিলল করদাতাদের। কেন্দ্র সরকার ২০২৫-২৬ মূল্যায়ন বছরের (২০২৪-২৫ অর্থবর্ষ) জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে যেখানে ৩১ জুলাই পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল, তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর ফলে করদাতারা অতিরিক্ত ৪৬ দিন সময় পেলেন।
কেন বাড়ানো হলো সময়সীমা?
সিবিডিটি সময়সীমা বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫-২৬ মূল্যায়ন বছরের জন্য আইটিআর বিজ্ঞপ্তিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলির মূল উদ্দেশ্য হল কর সম্মতি প্রক্রিয়াকে আরও সহজ করা। তবে, এই পরিবর্তনগুলি সঠিকভাবে বাস্তবায়ন, পরীক্ষা এবং সে অনুযায়ী সিস্টেম তৈরি করতে সময় লেগেছে। আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি জারি করতে বিলম্ব হওয়ায় করদাতাদের সুবিধার জন্য আইটিআর দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
আইটিআর দাখিলের তারিখ বাড়ানোর ফলে বেতনভোগী কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। হাতে অতিরিক্ত ৪৬ দিন সময় পাওয়ায় তাঁরা তাড়াহুড়ো ছাড়াই নির্ভুলভাবে তাঁদের রিটার্ন প্রস্তুত করতে পারবেন।
তবে, সময়সীমা বৃদ্ধি পেলেও করদাতাদের মনে রাখতে হবে যে, নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। তাই, সময়সীমার মধ্যে নিজেদের রিটার্ন দাখিল করে জরিমানা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।