চেন্নাইয়ের বিনোদন পার্কে ভয়াবহ ঘটনা! ৫০ ফুট উপরে উঠে থেমে গেল নাগরদোলা আটকে ৩০ জন, তারপর যা হলো?

চেন্নাইয়ের কাছে ইস্ট কোস্ট রোডের একটি থিম পার্কে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন প্রায় ৩০ জন পর্যটক। মঙ্গলবার বিকেলে ‘টপ গান’ নামের একটি জয়রাইড ৫০ ফুট উপরে উঠে শূন্যে আটকে যায়। আতঙ্কিত মানুষের আর্ত চিৎকারে ভরে ওঠে চারপাশ। দীর্ঘ তিন ঘণ্টা শূন্যে আটকে থাকার পর অবশেষে স্কাই লিফ্ট পদ্ধতির সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়।
‘টপ গান’ নামের এই রাইডটি সর্বোচ্চ ৫০ ফুট উচ্চতা পর্যন্ত উঠছিল এবং তারপর বৃত্তাকারে নেমে আসছিল। রাইড চলাকালীন হঠাৎই এর একটি ইঞ্জিন থেকে তীব্র শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গেই রাইডটি বন্ধ হয়ে যায়। সেসময় রাইডটি ৫০ ফুট উপরে উঠে থেমে যায়। শিশু, মহিলা-সহ আটকে পড়া মানুষজন প্রাণভয়ে শূন্যে ঝুলন্ত অবস্থায় পরিত্রাহি চিৎকার করতে থাকেন।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ৩৫ জন দমকলকর্মী এবং স্থানীয় থানার পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। প্রথমে মই দিয়ে নামিয়ে আনার চেষ্টা করা হয়, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। শেষে আটকে পড়ার তিন ঘণ্টা পর স্কাই লিফ্ট পদ্ধতির সাহায্যে ক্রেনে করে আটকে পড়া ৩০ জনকেই নামিয়ে আনা হয়। উদ্ধারকারীরা আটকে পড়া অবস্থায় তাঁদের জল ও বিস্কিট দেন।
উদ্ধার পাওয়া এক মহিলা জানান, ওই অবস্থায় সকলে আতঙ্কে ভেঙে পড়েছিলেন। ঘটনাস্থলে সাহায্য পৌঁছতে প্রায় ২ ঘণ্টা সময় লেগে যায়। ঝুলন্ত অবস্থাতেই ভয়ে কাঁপতে কাঁপতে এক ব্যক্তি তাঁর ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চেয়ে পোস্ট করেন। অবশেষে আতঙ্কের দীর্ঘ প্রহর কেটে আসে স্বস্তির মুহূর্ত। দমকলকর্মীদের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে।