‘অপারেশন সিঁদুর নতুন ভারতের প্রতিচ্ছবি’, ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রীর মুখে সাফল্যের জয়গান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ‘অপারেশন সিঁদুর’-এর ভূয়সী প্রশংসা করে বলেন, এটি কেবল একটি সামরিক অভিযানই নয়, বরং বিশ্ব মঞ্চে ‘পরিবর্তনশীল ভারতের মুখ’। তিনি জোর দিয়ে বলেন, এই অভিযান দেশের সংকল্প, সাহস এবং ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন।

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ক্রোধ এবং দৃঢ়তায় ভরা।” তিনি ‘অপারেশন সিঁদুর’-কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেন। মোদি এই অভিযানকে ভারতের ক্রমবর্ধমান শক্তি ও উদ্দেশ্যের স্পষ্টতার প্রতীক হিসেবে বর্ণনা করেন। তাঁর কথায়, “অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং শক্তি সঞ্চার করেছে।”

সীমান্ত পেরিয়ে ভারতীয় বাহিনী কর্তৃক জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করার নির্ভুল আক্রমণকে প্রধানমন্ত্রী “অসাধারণ” বলে অভিহিত করেন। মোদি স্পষ্ট করে বলেন, এই অপারেশনটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ ছিল না, বরং এটি একটি পরিবর্তনশীল এবং দৃঢ় ভারতের প্রতিফলন। মোদির দাবি, “অপারেশন সিঁদুর আমাদের সংকল্প, সাহস এবং পরিবর্তিত ভারতের প্রতিচ্ছবি।” তিনি এই অভিযানের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ব্যাখ্যা করেন কীভাবে এই অভিযান গোটা দেশকে গভীরভাবে আলোড়িত করেছে।

অপারেশনের সাফল্যের পর সশস্ত্র বাহিনীর প্রতি সম্মান জানাতে দেশজুড়ে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধক কবিতা, শিশুদের আঁকা ছবি এবং বিশাল তিরঙ্গা যাত্রার মতো ঘটনাগুলি স্বতঃস্ফূর্তভাবে উঠে এসেছে। মোদি আরও জানান, “অনেক শহরে যুবকরা নাগরিক প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, কবিতা লিখেছে, সংকল্পের গান গেয়েছে এবং শিশুরা শক্তিশালী বার্তা বহনকারী ছবি তৈরি করেছে। কাটিহার এবং কুশিনগরের মতো শহরে একাধিক পরিবার অভিযানের সম্মানে তাঁদের নবজাতকদের নাম রেখেছে সিঁদুর।”

প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’-এর চেতনা অনুসরণ করে ‘অপারেশন সিঁদুর’ মিশনের সাফল্যের জন্য ভারতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাকে কৃতিত্ব দেন। তিনি বলেন, “এটি ছিল আমাদের সৈন্যদের চূড়ান্ত সাহসিকতা, যা ভারতে তৈরি অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল।”

‘অপারেশন সিঁদুর’-এর পর দেশজুড়ে ‘ভোকাল ফর লোকাল’ অভিযানের নতুন উদ্দীপনার কথা উল্লেখ করে মোদি বলেন, এই অভিযান কেবল দেশপ্রেমকেই অনুপ্রাণিত করেনি, বরং আত্মনির্ভরতার চেতনাকেও আরও শক্তিশালী করেছে। তাঁর ভাষায়, “এই বিজয় আমাদের প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং প্রতিটি অবদানকারী নাগরিকের ঘামের ফসল।”