‘I LOVE YOU সেনবাবু..’ স্বস্তিকার প্রেম প্রস্তাবে কী বললেন অনির্বাণ?

সিনেমা হলে রমরমিয়ে চলছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। বাঙালির প্রিয় গোয়েন্দা একেনবাবু, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী, তার সঙ্গী বাপি (সুহোত্র মুখোপাধ্যায়) এবং প্রমথকে (সোমক ঘোষ) নিয়ে এবার রহস্যের সন্ধানে পাড়ি দিয়েছেন বেনারসে। শান্ত বেনারসের অলিগলিতে লুকিয়ে থাকা রহস্যের উন্মোচন দেখতে হলমুখী হচ্ছেন দর্শক।

এই নিয়ে তৃতীয়বার বড় পর্দায় এলেন একেনবাবু। এবারের ছবিতে অনির্বাণ, সুহোত্র ও সোমকের সঙ্গে দেখা যাচ্ছে টলিউডের একঝাঁক তারকাকে। শাশ্বত চট্টোপাধ্যায়, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসুর মতো অভিনেতারা এই ছবিতে নতুন মাত্রা যোগ করেছেন। একেনবাবুর কাছে এবারের রহস্য আরও জটিল হলেও, দর্শকের পছন্দের শীর্ষে বরাবরের মতোই রয়েছেন তিনি। চলতি বছরে মুক্তি পাওয়া বাংলা ছবিগুলির মধ্যে ইতিমধ্যেই সাফল্যের শিখরে পৌঁছেছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’।

শুধু দর্শক নয়, টলিউডের তারকারাও ‘টিম একেন’-এর প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন এবং সমাজমাধ্যমে তার ভালো লাগার কথা জানান। ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে তিনি লেখেন, “ক্রাশ খাইয়া নিজেই ক্রাশড হইয়া গেলাম। এই একেনটা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। হাউসফুল প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভাল লাগে। টুবানদা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপদা, পরের একেনটায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু। মরে গেছি হাসতে হাসতে। পদ্মনাভদার জবাব নেই।”

স্বস্তিকার এই আন্তরিক পোস্টের জবাবে অনির্বাণ চক্রবর্তী লেখেন, “থ্যাঙ্ক ইউ ডার্লিং”। দুই বন্ধুর এই মিষ্টি কথোপকথন নজর কেড়েছে অনেকের। আজকাল ডট ইন জানতে চেয়েছিল তাদের বন্ধুত্বের শুরু কীভাবে। উত্তরে অনির্বাণ জানান, ইন্ডাস্ট্রির সূত্রে তাদের আগে থেকেই চেনাশোনা ছিল, তবে ‘বিবি পায়রা’ ও ‘অশনি’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়। স্বস্তিকা শুধু সমাজমাধ্যমেই নয়, ব্যক্তিগতভাবেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান অনির্বাণ। তার মতো একজন গুণী অভিনেত্রীর কাছ থেকে প্রশংসা পাওয়া সত্যিই আনন্দের, এমনটাই মত অনির্বাণের।

‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-র এই সাফল্য প্রমাণ করে, রহস্য ও গোয়েন্দা কাহিনীর প্রতি বাঙালির আগ্রহ আজও অটুট। আর একেনবাবুর মজাদার অথচ তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আবারও দর্শকদের মন জয় করে নিয়েছে।