“২৪ ঘণ্টায় প্রায় ৬ লক্ষ পলিসি বিক্রি” গিনেস রেকর্ড গড়ে বড় সাফল্য লাভ LIC -র

ভারতের রাষ্ট্রায়ত্ত জীবনবিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এক অভূতপূর্ব বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বিমা পলিসি বিক্রি করে এই নজির স্থাপন করেছে সংস্থাটি, এমনটাই জানা গেছে পিটিআই সূত্রে।

এলআইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাদের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এই রেকর্ডে সিলমোহর দিয়েছে। এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে চলতি বছরের ২০ জানুয়ারি। এলআইসি তাদের এই অর্জনকে সংস্থার বিশাল এজেন্ট নেটওয়ার্কের কঠোর পরিশ্রম ও কর্মদক্ষতার ফল হিসেবে উৎসর্গ করেছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি, সারা ভারত জুড়ে এলআইসি-র ৪ লক্ষ ৫২ হাজার ৮৩৯ জন বিমা এজেন্ট মিলে মোট ৫ লক্ষ ৮৮ হাজার ১০৭টি বিমা পলিসি বিক্রি করেছেন। জীবনবিমা ব্যবসার ক্ষেত্রে বিশ্বজুড়ে এটি একটি নজিরবিহীন ঘটনা। সংস্থার তরফে জানানো হয়েছে, “সংস্থার এজেন্টদের কর্মতৎপরতা, দক্ষতা এবং অসম্ভব পরিশ্রমের ফল এই রেকর্ড। আমরা আমাদের গ্রাহকদের এবং তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার কাজে সবসময় তৎপর, এই সাফল্য সেটাই স্পষ্ট করেছে।”

পিটিআই সূত্রের খবর অনুযায়ী, এই রেকর্ড তৈরির ভাবনা প্রথম আসে এলআইসি-র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সিদ্ধার্থ মোহান্তির মাথায়। ২০ জানুয়ারিকে তিনি ‘ম্যাড মিলিয়ন ডে’ হিসেবে ঘোষণা করেছিলেন এবং সেদিন দেশের সব এজেন্টকে অন্তত একটি করে বিমা পলিসি বিক্রি করার জন্য আহ্বান জানান। তার এই আহ্বানে সাড়া দিয়ে এজেন্টরা যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, তারই ফলস্বরূপ হাতে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি।

এই রেকর্ড কেবল এলআইসি-র জন্যই নয়, ভারতের বিমা শিল্পের জন্যও একটি অত্যন্ত গর্বের বিষয়, যা বিশ্ব মঞ্চে ভারতীয় বিমা খাতের সক্ষমতা ও বিশালতাকে তুলে ধরেছে।