বিজেপি নেত্রী সোনালির মৃত্যু নিয়ে ধোঁয়াশা, প্রকাশ হলো আরেক সিসিটিভি ফুটেজ
বিজেপি নেত্রী সোনালি ফোগটের মৃত্যু যেন আরও রহস্যময় হয় উঠেছে। যদিও প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছিল যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে সম্প্রতি প্রকাশ হওয়া একটি সিসিটিভির ফুটেজ যেন বলছে অন্য কথা। এরই সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ।
তদন্তের নেমেই সোনালির খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। নতুন সিসিটিভির ফুটেজ প্রকাশের পর আরও দুজনকে গ্রেফতার করা হল তার খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে যে রেস্তোরাঁতে সোনালি পার্টি করছিলেন তার মালিক ও ড্রাগের ডিলারকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মারা যান হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগটের। প্রথমে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সোনালির পরিবার অভিযোগ করেন এটা স্বাভাবিক মৃত্যু নয়, তাকে খুন করা হয়েছে। শুধু তাই নয় বিজেপি নেত্রীর ভাই অভিযোগ করেছিলেন, সোনালিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এর পরই গোয়া পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
এদিকে সোনালির ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যু হয়ে উঠেছে আরও রহস্যময়। রিপোর্টে জানা যায়, সোনালিকে ভোঁতা কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। এদিকে তদন্তে নেমে এরই মধ্যেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হয়েছে সোনালির পিএ সুধীর সাঙ্গওয়ান ও বন্ধু সুখবিন্দর সিংকে।
পুলিশি জেরায় তারা স্বীকার করেছে যে অভিনেত্রীর পানীয়ের মধ্যে তারা এক ধরনের মাদক মিশিয়ে দিয়েছিল। সেই পানীয় পান করার পরেই অসুস্থ হয়ে পড়েন সোনালি।
এবার সেই হোটেলের একটি সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সেই মাদক মেশানো পানীয় পান করার পর হাঁটতে পারছেন না অভিনেত্রীরা। সহযোগীরা তাকে কোনো ভাবে নিয়ে যাচ্ছেন। তারপরের দিন সকালেই তিনি মারা যান।