তুমুল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা, বাংলাতেও তীব্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ভয়ংকর কালবৈশাখীর কবলে পড়ে লন্ডভন্ড রাজধানী দিল্লি। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় শহরের অর্ধেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। আবহাওয়া দপ্তর দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। ঠিক দিল্লির মতোই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাতেও। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে তীব্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গ ভাসবে এবং তাপমাত্রা কিছুটা কমবে।
শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি এবং ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডবে দিল্লি সম্পূর্ণ বিপর্যস্ত। রবিবার সকালেও দুর্যোগের তীব্রতা কমেনি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। দিল্লি বিমানবন্দর থেকে একশোরও বেশি বিমানের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়েছে এবং ঝড়ের কারণে ২৫টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। যদিও দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের হয়রানি কমাতে একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে।
রবিবার ভোর পর্যন্ত সফদারজং-এ ৮১ মিলিমিটার, পালামে ৬৮ মিলিমিটার, পুসায় ৭১ মিলিমিটার এবং ময়ূর বিহারে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের অন্যান্য অংশে ৫০-৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লির মতিবাগ, মিন্টো রোড, হুমায়ুন রোড, শাস্ত্রী ভবনের মতো এলাকায় জল থইথই অবস্থা। এমনকি দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছেও জল জমেছে। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় একটি গাড়ি ও বাস প্রায় জলের নিচে ডুবে রয়েছে।
এদিকে, বাংলাতেও নিম্নচাপ ঘনীভূত হয়েছে। রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশও মেঘলা রয়েছে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আগামী ২৭শে মে পর্যন্ত শক্তিশালী হয়ে তীব্র নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এই বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে এবং শহরের তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।