রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তৃর্ণ এলাকা, ব্যাহত যান চলাচল, বাতিল একাধিক উড়ান

শনিবার রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু জল আবার কোথাও গাড়ির ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। একইসঙ্গে, ঝড়ো হাওয়ার প্রভাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায় সমস্যা হওয়ায় একাধিক ফ্লাইট বাতিল এবং বহু ফ্লাইটের দেরিতে উড়ান শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবারও দিল্লিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই।
দুর্যোগপূর্ণ পরিস্থিতি
শনিবারই ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছিল, যেখানে ভারী বৃষ্টি, তীব্র বাতাস এবং বজ্রপাতের বিষয়ে সতর্ক করা হয়েছিল। রবিবার সকালেও দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে থাকে, যার গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছে যায়।
প্রতিবেদন অনুযায়ী, রাতভর বৃষ্টিতে দিল্লির মিন্টো রোড ব্যাপকভাবে জলমগ্ন হয়েছে, যেখানে একটি গাড়ি প্রায় সম্পূর্ণরূপে জলের নিচে ডুবে থাকতে দেখা গেছে। স্থানীয়রা এর জন্য দুর্বল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন। এছাড়াও, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর কাছে রাস্তায় জল থৈ থৈ অবস্থা, যার ফলে যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
বিমান পরিষেবা বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে রবিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, একাধিক বিমান ৩০ মিনিটেরও বেশি দেরিতে উড়ান শুরু করেছে। বিমান সংস্থা ইন্ডিগো তাদের এক্স হ্যান্ডেলে বিমান চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি জানিয়েছে এবং যাত্রীদের তাদের নির্ধারিত উড়ানের বিষয়ে জানতে বিমান কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা
দিল্লির মতিবাগ এলাকাতেও একই রকম পরিস্থিতি দেখা গেছে। ধৌলা কুয়াঁতে রাস্তা জলমগ্ন হওয়ার ফলে যান চলাচল ধীর গতিতে চলছে। এছাড়াও, হুমায়ুন রোড এবং শাস্ত্রী ভবন-এর মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও রাস্তা জলের তলায়। দিল্লির পাশাপাশি হরিয়ানার কিছু অংশও ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে, যার মধ্যে ঝাজ্জর এবং কারনালও রয়েছে।
বর্ষার আগাম আগমন
উল্লেখ্য, সাধারণত জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে দেশে বর্ষা প্রবেশ করে। তবে এবার নির্ধারিত সময়ের অনেক আগেই ভারতে বর্ষা প্রবেশ করেছে। আইএমডি শনিবার কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন নিশ্চিত করেছে, যা ১৬ বছর পর এমন ঘটল বলেই জানাচ্ছে আইএমডি। কেরলে বর্ষার আগাম আগমনের ফলে আজ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই আগাম বর্ষার প্রভাবে দেশের অন্যান্য অংশেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।