ফের আতঙ্ক, ভারতের আকাশে ঢুকে পড়ল প্রতিবেশী দেশের ড্রোন! ঘটনাস্থলে ছুটল BSF

সদ্য ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তানের ড্রোন হামলার প্রচেষ্টা কাটিয়ে উঠতে না উঠতেই ফের আতঙ্ক। এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদ সীমান্ত লাগোয়া এলাকায় ভারতের আকাশে ঢুকে পড়ল প্রতিবেশী দেশ বাংলাদেশের ড্রোন! এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, শুক্রবার সন্ধ্যায় হাসনাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের কাটাখাল এলাকায় এই ঘটনা ঘটে। ভরসন্ধ্যায় বাংলাদেশের দিক থেকে একটি ড্রোন ভারতের আকাশে উড়ে আসতে দেখেন তাঁরা। এই দৃশ্য চোখে পড়তেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে কাটাখাল সেতুর ওপর বেশ কয়েকজন যুবক বসেছিলেন। সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন উড়ে সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় চলে আসে। প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ নিজেদের মোবাইলের ক্যামেরায় সেই ছবি বন্দি করেন। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
স্থানীয়দের দাবি অনুযায়ী, প্রথম ড্রোনের পর আরও দুটি ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতের আকাশে আসে। এরপরই হাসনাবাদ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে স্থানীয় বিএসএফ ক্যাম্পের জওয়ানরাও সেখানে হাজির হন।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসনাবাদ সীমান্ত এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকেই পুরো বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ড্রোনগুলি সত্যিই বাংলাদেশের কিনা, এবং কেনই বা তারা ওই এলাকায় উড়ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তানও ভারতের আকাশে ড্রোন পাঠিয়ে সাধারণ মানুষের বাসস্থান এবং ধর্মীয় স্থান লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশি ড্রোনের আনাগোনা সীমান্ত সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের মধ্যে। তদন্তের পরই এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।