স্মার্টফোনের কারসাজিতে ব্যবসায়ীর অ্যাকাউন্ট ফাঁকা করার ছক? গ্রেপ্তার হলেন যুবক

ছত্তিশগড়ের এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরা থেকে। দু’বছর ধরে চলা দীর্ঘ তদন্তের পর অবশেষে বৃহস্পতিবার ভোরে পুলিশের জালে ধরা পড়ল এই প্রতারণা চক্রের মূল হোতা শুভঙ্কর বারুই (৩২)। অভিযুক্তের বাড়ি এগরা-২ ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুখ গ্রামে।
পুলিশ সূত্রে খবর, গত ২০২৩ সালে ছত্তিশগড়ের তেলিবাঁধ এলাকার এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা গায়েব হয়ে যায়। এই ঘটনায় দ্রুত তেলিবাঁধ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।
টাকা কোথা থেকে ডেবিট হয়েছে, সেই সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। দীর্ঘ দু’বছর ধরে বিভিন্ন স্থানের লোকেশন ট্র্যাক করে তদন্ত চালানোর পর শুভঙ্করের নাম সামনে আসে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এগরায় বসেই স্মার্ট ফোনের মাধ্যমে এই যুবক ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছিল।
বৃহস্পতিবার ভোরে ছত্তিশগড় পুলিশের একটি দল এগরা থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্ত শুভঙ্করের বাড়িতে হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর শুভঙ্কর দাবি করেছে যে, সেই সময়ে প্রীতম ঋষি নামে তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সেই মোবাইল ব্যবহার করে টাকা হাতিয়েছিল।
বৃহস্পতিবারই অভিযুক্ত শুভঙ্করকে ট্রানজিট রিমান্ডে ছত্তিশগড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রীতম কে এবং এই গোটা ঘটনায় তার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা আবারও অনলাইন প্রতারণার জালের বিস্তার এবং পুলিশি তদন্তের জটিলতা তুলে ধরল।