পাথরের বৃষ্টিতে ভয়! সুইস গ্রামে হেলিকপ্টারে উড়িয়ে সরানো হলো গরু

পাহাড়ি গ্রামটা একটা উপত্যকায় অবস্থিত। আশপাশে সুউচ্চ পাহাড়, যা যেমন গ্রামকে ঘিরে রাখে, তেমনই কখনো কখনো গ্রামের জন্য ভয়ংকর রূপ ধারণ করে। সম্প্রতি এমনই এক গভীর সংকটের মুখে পড়েছিল দক্ষিণ সুইজারল্যান্ডের একটি আল্পাইন গ্রাম।
গ্রামের মানুষজনের প্রাণহানির আশঙ্কা সৃষ্টি হয়, কারণ পাহাড় থেকে গড়িয়ে পড়ছিল প্রচুর প্রস্তরখণ্ড। ঠিক ধস নয়, কেবল অফুরান পাথরের টুকরো নেমে আসছিল পাহাড়ের গা বেয়ে। ছোট থেকে বড় নানা আকারের সেসব পাথরের টুকরো এমন হুড়মুড় করে নেমে আসছিল যে সেখান থেকে গ্রামবাসীদের দ্রুত সরিয়ে নেয় প্রশাসন। একই সমস্যার মুখে পড়েছিল গৃহপালিত পশুরাও।
ব্লাটেন গ্রামে আতঙ্ক ও দ্রুত উদ্ধারকাজ
দক্ষিণ সুইজারল্যান্ডের আল্পাইন গ্রাম ব্লাটেন। পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি পাথর আতঙ্কে দ্রুত ফাঁকা হয়ে যায়। গরু থেকে অন্য গৃহপালিত পশুদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয় সুরক্ষিত জায়গায়।
বেশ কিছু গরুকে সড়কপথে সরানো হলেও, অনেক গরুকে হেলিকপ্টারের সাহায্যে এয়ারলিফট করে আনা হয় সুরক্ষিত জায়গায়। গরুদের বিশেষভাবে বেঁধে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় হেলিকপ্টার থেকে। সেই ঝুলন্ত অবস্থায় আকাশে ভাসতে ভাসতে তারা পৌঁছায় অন্যত্র। প্রশাসনিক নির্দেশেই এই এয়ারলিফট করা হয়। গরুগুলির যাতে প্রাণহানির আশঙ্কা তৈরি না হয়, সেজন্য খুব দ্রুত তাদের সরানোর বন্দোবস্ত করা হয়।
সেই দ্রুততার কারণেই এই হেলিকপ্টারের সাহায্যে গরুদের উদ্ধার করা হয়। হিসাব বলছে, গ্রামের প্রায় ৩০০ বাসিন্দা ও ৫০টি গরুকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।