Weather: নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়, জেনেনিন আপডেট

মে মাসের শেষে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, যা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যদিও এই বৃষ্টিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৭ মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে ২৮ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হতে পারে।
কোন জেলায় কবে বৃষ্টি?
আজ, ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই সময়ে কোনো কোনো জেলায় ৩০-৪০ কিমি বেগে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে, ২৮ মে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে ২৮ মে পর্যন্ত বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রার পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ, বৃষ্টি হলেও গরমের অস্বস্তি পুরোপুরি নাও মিটতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ, বৃহস্পতিবার (২২ মে) সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৫২ শতাংশ থাকবে।
বর্ষা আসার আগে এই নিম্নচাপ রাজ্যের আবহাওয়ায় কতটা পরিবর্তন আনে, সেটাই এখন দেখার বিষয়।