ইডেন থেকে আইপিএল ফাইনাল সরে যাওয়ায় ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী, অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

ইডেন গার্ডেন্স থেকে আইপিএল ফাইনাল সরে যাওয়ায় বাংলার ক্রিকেটপ্রেমীদের মন ভালো নেই। নতুন সূচি অনুযায়ী ফাইনাল হবে আহমেদাবাদে এবং প্লে অফের ম্যাচগুলিও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ফাইনাল সরানোর কারণ হিসেবে কলকাতায় বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছিল। আর বোর্ডের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ইডেনে একটি প্লে অফ এবং ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে সেই ফাইনাল ম্যাচ সরানো হলো। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন সরানো হলো এই ফাইনাল? বাংলার ক্রিকেটপ্রেমী মানুষকে কেন বঞ্চিত করা হলো?”

ক্রীড়ামন্ত্রী সুকান্ত মজুমদারের সামাজিক মাধ্যমে লেখা একটি পোস্টের প্রসঙ্গ টেনে এনে বলেন, “সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, ইডেন থেকে ম্যাচ সরেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য। বিসিসিআই আর আইপিএলের গভর্নিং কমিটির বৈঠকের পরে জানা যায় আবহাওয়া জনিত কারণে কলকাতা থেকে সরে গিয়েছে ফাইনাল। কোনটা সত্যি তাহলে? দু’ পক্ষ দু’ধরনের কথা বলছে।”

ইডেনের উন্নত জলনিকাশী ব্যবস্থার কথা তুলে ধরে অরূপ বিশ্বাস আরও বলেন, “ইডেনের জলনিকাশি ব্যবস্থা উন্নতমানের। এত ভালো নিকাশী ব্যবস্থা ভারতের অন্য স্টেডিয়ামে নেই। মুষলধারে বৃষ্টি হওয়ার পরে জল বেরিয়ে যেতে তিরিশ মিনিট লাগে। তবুও ম্যাচ সরিয়ে নেওয়া হলো। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”

ক্রীড়ামন্ত্রী আরও অভিযোগ করেন, “ভারতীয় ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি। আসলে আহমেদাবাদে ফাইনাল নিয়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল। বিসিসিআই কবে থেকে আবহাওয়াবিদ হলো? ২০-২৫ দিন আগে থেকে তারা কীভাবে আবহাওয়া বুঝে গেল? আর তারা যদি এতই বুঝত তো চলতি আইপিএলে কেন তিনটি ম্যাচ বৃষ্টিতে কেন ভেস্তে গেল?”