সম্পত্তি ভাগাভাগি ঝামেলায়, ঘুমন্ত দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন, গ্রেফতার ভাই

পারিবারিক বিবাদের জেরে নিজের দাদার গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে খুনের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওল্ড মালদহের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে। নিহত ব্যক্তির নাম যতন কোলে (৫৪), যিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর গায়ে আগুন ধরিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর ভাই নন্দন কোলের বিরুদ্ধে।

টাকার ভাগ ও সম্পত্তি নিয়ে বিবাদ
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি কাজ থেকে বাড়ি ফিরেছিলেন যতন। এরপর থেকেই তাঁর ভাই নন্দন তাঁর সঙ্গে টাকা ভাগাভাগি ও সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু করেন বলে অভিযোগ। অভিযোগ, মঙ্গলবার রাতে মদ্যপান করে বাড়িতে এসেছিল নন্দন। তারপরই ঘুমন্ত দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

প্রতিবেশীদের তৎপরতা ও যতনের মৃত্যু
যত্ন যখন যন্ত্রণায় চিৎকার শুরু করেন, তখন প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই যতনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যতন অবিবাহিত ছিলেন।

দিদির অভিযোগ ও ভাইয়ের গ্রেফতার
এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের আবহ তৈরি হয়। খবর পেয়ে যতনের দিদি জলি কর্মকার, যিনি ইটাহারে বিবাহিত, ঘটনাস্থলে আসেন। তিনি নন্দনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে নন্দনকে গ্রেফতার করে। পারিবারিক বিবাদের জেরে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।