“ভারতের কাছে হেরেও প্রোমোশন?”-পাকিস্তানে জয়জয়কার সেনাপ্রধান মুনিরের, পাচ্ছেন সর্বোচ্চ সন্মান

ভারতে সংঘাতের আবহের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এটি পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মুনিরের পদোন্নতির বিষয়টি সে দেশের মন্ত্রিসভা অনুমোদন করেছে।
জেনারেল মুনির পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল পদে উন্নীত হলেন। এর আগে, আইয়ুব খান ১৯৫৯ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও একজন কাশ্মীরির মৃত্যু হয়। এই ঘটনার পর ভারত কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় এবং দেশজুড়ে জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে। এর প্রেক্ষিতে গত ৭ মে মধ্যরাতে ভারত পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের এই অভিযানে পাকিস্তান পর্যদুস্ত হয়।
কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারতের কাছে পাকিস্তানের বেসামাল হওয়ার ঘটনা সত্ত্বেও পাক সরকার এই পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তারা বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে, সেনাপ্রধান মুনির পাকিস্তানকে জয় এনে দিয়েছেন। যদিও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং ভারতের অভিযানে পাকিস্তান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পদোন্নতিকে এক প্রকার ‘পুরস্কার’ হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মহলে তাদের ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টার অংশ।