“যে নাচগান হয়, সেটাও দারুণ লাগে”-বলিউডে কাজ করতে চান হলিউড অভিনেতা টম ক্রুজ

হলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা এবং অ্যাকশন স্টার টম ক্রুজ বলিউডে ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি ভারতীয় ভক্তদের উদ্দেশে হিন্দিতে কথা বলে তার ভালোবাসা এবং মুগ্ধতা প্রকাশ করেছেন, যা নিয়ে নেটদুনিয়ায় উচ্ছ্বাস দেখা গেছে।
সম্প্রতি ভারতীয় অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে তার নতুন ছবির প্রচারমূলক একটি ভিডিওতে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হন টম ক্রুজ। তিনি বলেন, “ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।”
টম ক্রুজ ২০১১ সালে তার বিশ্বখ্যাত ছবি ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল’ ছবির প্রচারে ভারতে এসেছিলেন। সেই সফরের স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা ভাগ করে নিয়েছেন কিছু অবিস্মরণীয় মুহূর্তের কথা। তিনি বলেন, “এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পরে। ভারতের মাটিতে প্রথম পা রাখা থেকে আগ্রার তাজমহলে যাওয়া এবং মুম্বাইতে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।”
আর এই স্মৃতিচারণার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনা করার জোরালো ইচ্ছেপ্রকাশ করেন টম ক্রুজ। শুধু তাই নয়, তিনি জানান যে বলিউডের বাণিজ্যিক ঘরানার ‘মশালা’ সিনেমা, যেখানে ভরপুর নাচগান থাকে, সেখানেও অভিনয় করার প্রবল ইচ্ছে রয়েছে তার।
বলিউড নিয়ে নিজের ভালোলাগার কথা ব্যক্ত করে টম ক্রুজ বলেন, “হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার খুব পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে জমজমাট নাচগান হয়, সেটাও আমার দারুণ লাগে।” তিনি জানান, তার এই ভালোলাগাকেই এবার বাস্তবে রূপ দিতে চান তিনি, অর্থাৎ বলিউডের অংশ হতে চান।
হলিউড তারকার এমন ঘোষণার পরই বলিউড মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, “তাহলে কি এবার মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের মতো প্রতিষ্ঠিত তারকাদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম ক্রুজ?”
প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় ‘মিশন ইম্পসিবল’ সিরিজের অষ্টম ছবি ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’ ছবিটি সম্প্রতি শনিবার ভারতে মুক্তি পেয়েছে। মনে করা হচ্ছে, এই ছবির প্রচারের অংশ হিসেবেই টম ক্রুজ ভারতের প্রতি তার ভালোবাসা এবং বলিউডে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন, যা ভারতীয় দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি করেছে।