কোটি টাকার গাড়ি কিনলেন অভিনেত্রী কৌশানী, সময়টা খুব ভাল যাচ্ছে অভিনেত্রীর

টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। একের পর এক কাজ এবং সাফল্য তাঁর ঝুলিতে আসছে। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’, ‘কিলবিল সোসাইটি’-র মতো প্রোজেক্টে কাজ করার পর তাঁর ক্যারিয়ারের গ্রাফ এখন উর্ধ্বমুখী। ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে, পাশাপাশি তিনি ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিচারক আসনেও বসেছেন। এই মুহূর্তে খ্যাতির শিখরে থাকা নায়িকা এবার তাঁর সাফল্য উদযাপন করতে নিজেকে একটি বড় উপহার দিলেন।
সম্প্রতি একটি ব্র্যান্ড নিউ বিলাসবহুল গাড়ি কিনেছেন কৌশানী। কালো রঙের চকচকে একটি মার্সিডিজ গাড়ি নিজের সংগ্রহে যুক্ত করেছেন তিনি, যার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি বলে জানা গেছে। বাবাকে সঙ্গে নিয়ে তিনি নতুন অতিথিকে বাড়িতে আনতে গিয়েছিলেন এবং সেখানে কেক কেটে উদযাপনও করেছেন অভিনেত্রী।
নতুন গাড়ির ছবি এবং ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশানী। তাঁর এই সাফল্যে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী এবং অন্যান্য তারকা বন্ধুরা।
কৌশানীর এই খুশির মুহূর্তে তাঁর পাশে ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত, যিনি তাঁর বয়ফ্রেন্ড। বনি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে লিখেছেন, ‘ডার্লিং আমি তোমার জন্য গর্বিত। আরও অনেক সাফল্য আসবে। এভাবেই চালিয়ে যাও।’ যদিও ক্যারিয়ারের নিরিখে বনি প্রায় কৌশানীর সমসাময়িক হলেও, এই মুহূর্তে সাফল্যের নিরিখে তিনি কিছুটা পিছিয়ে আছেন। এই কারণে নেটমাধ্যমে অনেকে বনিকে ট্রোল করা শুরু করেছেন এবং মন্তব্য করেছেন যে তিনি নাকি কৌশানীকে হিংসা করছেন। তবে অভিনেতার দাবি, তিনি কখনোই কৌশানীকে হিংসা করেন না, বরং প্রেমিকার সাফল্যে তিনি নিজেও আনন্দিত এবং উদযাপন করেন।
প্রসঙ্গতঃ, কৌশানী মুখোপাধ্যায় টলিপাড়ার একটি চেনা মুখ। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে টলিউডে তাঁর অভিষেক ঘটে। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘হইচই আনলিমিটেড’, ‘জানবাজ’, ‘শুভ বিজয়া’, ‘প্রজাপতি’-র মতো একগুচ্ছ ছবিতে তিনি কাজ করেছেন। তবে তাঁর ক্যারিয়ারে নতুনভাবে সাফল্য আসতে শুরু করে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে মোহিনী মায়ের চরিত্রে অভিনয় করার পর থেকে।
অভিনয় জগৎ ছাড়াও কৌশানীর আরও একটি পরিচিতি আছে। তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন, যদিও সেখানে তিনি জয়ের মুখ দেখেননি।
ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে সাফল্যর এই মুহূর্তটি অভিনেত্রী কৌশানী বেশ উপভোগ করছেন, যদিও সোশ্যাল মিডিয়ার কিছু নেতিবাচক মন্তব্য তাঁকে এবং তাঁর প্রেমিককে ঘিরে তৈরি হয়েছে।