সুহান খানের মা রানি মুখোপাধ্য়ায়! তাহলে গৌরী কে? বড় চমক শাহরুখ খানের

শিরোনাম দেখে নিশ্চয়ই চমকে গিয়েছেন? ভাবছেন এ আবার কেমন কাণ্ড! শাহরুখকন্যা সুহান খানের মা রানি মুখোপাধ্যায়! তাহলে গৌরী খান কে? না, ভুয়ো খবর ছড়ানোর আগেই আসল রহস্যটা ফাঁস করা যাক। আসলে এই গল্প একেবারে রিয়েল নয়, বরং রিলের। শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এ এমন চমক থাকতে চলেছে বলেই খবর।
চলতি মাস থেকেই শুরু হতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। আগে শোনা গিয়েছিল সুজয় ঘোষ পরিচালনা করবেন, তবে পরে এই বদল আনা হয়েছে। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানকে তো দেখা যাবেই। শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে – এমন খবরও আগেই শোনা গিয়েছিল।
তবে নতুন এবং সবচেয়ে চমকপ্রদ খবর হল, শাহরুখ, দীপিকা, সুহানার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কেও। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখের ‘কিং’ ছবিতে সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি। এটি যদি সত্যি হয়, তাহলে পর্দায় শাহরুখের মেয়ের মায়ের চরিত্রে রানিকে দেখা একটি আকর্ষণীয় কাস্টিং হবে। তবে এই খবর রটে গেলেও, ‘কিং’ ছবির টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার – এটাও একটা চমক। এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র মতো ব্লকবাস্টার ছবির পর ফের ব্লকবাস্টার দেওয়া শাহরুখ এখন একেবারে লড়াকু। কোনও আপোসে যাচ্ছেন না। আর তাই তো হঠাৎ করেই ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে, সিদ্ধার্থ আনন্দ! হ্যাঁ, মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে তিনি যেন ‘কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন’। কেননা, শাহরুখ তাঁর এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন বলে শোনা যাচ্ছে। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।
রানি মুখোপাধ্যায়ের মতো একজন অভিনেত্রীর সুহানার মায়ের চরিত্রে অভিনয়ের জল্পনা এবং শাহরুখের এমন বাদশাহী প্রস্তুতি – সব মিলিয়ে ‘কিং’ ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আনুষ্ঠানিক ঘোষণার পরই এই জল্পনার সত্যতা সামনে আসবে।