চাকরি ফেরাতে বিকাশভবনের ‘দখল’ করলেন চাকরিহারারা, গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা

দীর্ঘ প্রতীক্ষা আর আন্দোলনের পর এবার সরাসরি বিকাশ ভবন অভিযানের পথে হাঁটলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। নিজেদের অধিকারের দাবিতে জড়ো হওয়া আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় তারা এই ‘দখল’ নেন বলে জানা গেছে।

এর আগে করুণাময়ীতে মাসের পর মাস ধরে অনশন আন্দোলন চালিয়েছিলেন এই চাকরিপ্রার্থীরা। প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করে তাদের সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি শান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই এদিন ফের পথে নামেন তারা। বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রস্তুত ছিল বিধাননগর পুলিশ। জল কামান সহ কাঁদানে গ্যাসও প্রস্তুত রাখা হয়েছিল।

বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এরপরই চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা বিকাশ ভবনের মূল গেট লক্ষ্য করে ভাঙচুর শুরু করেন। লোহার গেট ভেঙে মাটিতে ফেলে দিয়ে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে পড়েন।

আন্দোলনকারীদের মূল দাবি, ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে অবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। রাজ্য সরকার রিভিউ পিটিশন নিয়ে তাদের অন্ধকারে রেখেছে এবং যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি বলেও অভিযোগ করেন তারা। আচার্য সদনের তরফে অবিলম্বে এই তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করছেন। তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। একজন আন্দোলনকারী সংবাদমাধ্যমকে বলেন, “এটা কিছুই নয়। নবান্নের ১৪ তলার গেট ভাঙব আমরা। যোগ্যদের তালিকা বাঁচাতেই হবে।” সব মিলিয়ে চাকরিহারাদের আন্দোলন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।