পাইপ লাইন ফেটে বিপত্তি, তীব্র গরমে পানীয় জলের চরম সঙ্কটে পড়েছে বাঁকুড়া শহরের বাসিন্দারা

তীব্র গরমে পানীয় জলের চরম সঙ্কটে পড়েছে বাঁকুড়া শহরের বাসিন্দারা। জল সরবরাহের প্রধান পাইপ লাইন ফেটে যাওয়ায় আপাতত পুরো শহরেই বন্ধ রাখা হয়েছে পরিষেবা। গতকাল সন্ধ্যার মুখে আচমকাই দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়া শহরে জল সরবরাহকারী মূল পাইপ লাইনটি সতীঘাটের কাছে বিকট শব্দে ফেটে যায়। এই আকস্মিক বিপত্তিতে জলশূন্য হয়ে পড়েছে শহরের বেশিরভাগ এলাকা।
বাঁকুড়া শহরের পাশ দিয়ে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদ বয়ে গেলেও, শহরের বড় অংশের পানীয় জল আসে দুর্গাপুর ব্যারেজ থেকে আসা এই পাইপ লাইনের মাধ্যমে। সেটাই ফেটে যাওয়ায় এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া সদরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত জানিয়েছেন, এটি কোনও নজরদারির অভাবে ঘটেনি। গন্ধেশ্বরী নদীর পাড়ে হওয়া ভূমিধসের ফলেই এই পাইপ লাইনটি ক্ষতিগ্রস্ত হয়ে ফেটে গেছে বলে তিনি জানান।
খবর পাওয়ার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বাঁকুড়া পৌরসভা, স্থানীয় মহকুমা প্রশাসন এবং জনস্বাস্থ্য কারিগরি দফতর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজে নেমেছে। সতীঘাটের কাছে ক্ষতিগ্রস্ত অংশে রাতভর আলো জ্বালিয়ে দ্রুততার সঙ্গে কাজ চালানো হচ্ছে। বাঁকুড়ার পুরপ্রধান, উপ পুরপ্রধান এবং মহকুমাশাসক নিজে উপস্থিত থেকে মেরামতির কাজের তদারকি করছেন।
এই জরুরি মেরামতির কাজের জন্য বৃহস্পতিবার এবং আগামিকাল (শুক্রবার) বাঁকুড়া শহরে জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে পৌরসভা ঘোষণা করেছে। মহকুমা শাসক জানিয়েছেন, মেরামতির কাজ দ্রুত শেষ করার সব রকম চেষ্টা চললেও, ঠিক কবে নাগাদ পরিষেবা স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। শহরের নাগরিকদের পানীয় জলের সমস্যা কিছুটা মেটাতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিকল্প হিসেবে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। তীব্র গরমের মধ্যে জল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাঁকুড়ার বাসিন্দারা।