মাউন্ট ফুজির নকল গড়তে গিয়ে হাসির পাত্র চীন, সাদা রঙ করা ছোট পাহাড় নিয়ে ব্যঙ্গ

জাপানের মাউন্ট ফুজি সারা বিশ্বের পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। এই বিখ্যাত আগ্নেয়গিরির মনোরম দৃশ্য দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। কিন্তু এবার মাউন্ট ফুজির অনুকরণ করতে গিয়ে হাস্যস্পদ পরিস্থিতির শিকার হয়েছে চীনের একটি পর্যটন কেন্দ্র। একটি ছোট্ট পাহাড়কে সাদা রঙ করে জাপানের ফুজি সাজার এই চেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে – তবে প্রশংসার জন্য নয়, বরং হাসির খোরাক জোগানোর জন্য।

চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, উত্তর চীনের হেবেই প্রদেশের ‘ইউনিভার্স ফ্যান্টাসি ল্যান্ড’ নামের একটি থিম পার্ক এই কাণ্ড ঘটিয়েছে। পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে পার্ক কর্তৃপক্ষ সেখানকার একটি ছোট পাহাড়ের চূড়া গত বছর মাউন্ট ফুজির মতো করে সাদা রঙ করে দেয়। শুধু তাই নয়, এটিকে আরও বিশ্বাসযোগ্য আগ্নেয়গিরির চেহারা দিতে গোলাপি ধোঁয়ারও ব্যবস্থা করা হয়েছিল। এমনকি কিছু রিয়েল এস্টেট সংস্থা এই ‘পাহাড়’-টিকে আগ্নেয়গিরি হিসেবে প্রচার করাও শুরু করে দিয়েছিল!

বেইজিংয়ের শহুরে জীবন থেকে হাঁপিয়ে ওঠা মানুষকে কাছেই এক রূপকথার ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয়েছিল এই পার্কটি। মনুষ্যসৃষ্ট পাহাড় ছাড়াও এখানে রয়েছে সুন্দর হ্রদ, সবুজ তৃণভূমি, একটি সাদা ঘোড়া এবং একটি কাঠের কেবিন।

কিন্তু পার্কে আসা দর্শনার্থীরা দ্রুতই আসল ঘটনা বুঝতে পারেন। এই ‘মাউন্ট ফুজি’ যে নিছকই রঙ করা একটি পাহাড়, তা চোখে পড়তেই সবার মধ্যে হতাশা তৈরি হয়। একজন পর্যটকের কথায়, “এটা স্রেফ একটা ছোট পাহাড় যার উপর সাদা রঙ করা। মাউন্ট ফুজির সঙ্গে এর বিন্দুমাত্র মিল নেই।” অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আসল মাউন্ট ফুজি দেখতে আপনাকে টাকা দিতে হবে না, অথচ এখানে একটা নকল পাহাড় দেখার জন্য পয়সা গুণতে হচ্ছে!”

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলিতে দেখা যায়, কথিত ‘পাহাড়’-টির পিছনের দিকে সাধারণ সিঁড়ি এবং একটি দরজা বসানো আছে, যা এর কৃত্রিমতাকে আরও স্পষ্ট করে তোলে। এই ঘটনার পর পার্কের টিকিটের দাম নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। পার্কে প্রবেশ মূল্য ৯৮ ইউয়ান (প্রায় ১,১৩০ টাকার বেশি), যদিও অনলাইনে ৭৮ ইউয়ানে টিকিট পাওয়া যাচ্ছে। যারা ক্যাম্পিং করতে চান তাদের জন্য অতিরিক্ত ৪৮ ইউয়ান খরচ করতে হবে। মজার বিষয় হলো, পার্কে থাকা সাদা ঘোড়াটিকে দিনের মধ্যে মাত্র এক ঘণ্টার জন্য বাইরে আনা হয়, তাও কেবল ছবি তোলার উদ্দেশ্যে!

উল্লেখ্য, হেবেই প্রদেশের জন্য বিখ্যাত ল্যান্ডমার্কের নকল তৈরি করা এটি নতুন ঘটনা নয়। এর আগেও সেখানে প্যারিসের আইফেল টাওয়ার, মিশরের গ্রেট স্ফিংস এমনকি চীনের প্রাচীরের কিছু অংশের প্রতিরূপ তৈরি করা হয়েছে। কিন্তু নকল মাউন্ট ফুজির এই ঘটনা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।