ফাঁকা বাড়ি পেতেই সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, ঘটনায় শোরগোল এলাকা

ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আবারও চুরির ঘটনা ঘটল বালুরঘাটে। শহর সংলগ্ন রঘুনাথপুর এলাকায় এক বাসিন্দার বাড়িতে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি হয়েছে। দুষ্কৃতীরা গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় সর্বস্ব নিয়ে চম্পট দেয়। সোমবার সকালে বাড়ির মালিকের নজরে আসার পর ঘটনাটি সামনে আসে।

রঘুনাথপুর এলাকার বাসিন্দা শিশির কুমার শীলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। তারা মূল গেটের গ্রিলের তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরের সমস্ত আলমারি, শোকেস ভেঙে তছনছ করা হয়। ঘরের জিনিসপত্র থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত কিছুই রেহাই পায়নি।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শিশির কুমার শীল দাবি করেছেন, চোরেরা আলমারি ও শোকেস থেকে প্রায় আট থেকে নয় ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তার অনুমান, সব মিলিয়ে প্রায় ৯-১০ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। শুধু সোনা-টাকাই নয়, বাড়িতে মজুত থাকা চালের বস্তা, মিক্সার মেশিন, মুদিখানার সরঞ্জাম সহ মূল্যবান প্রায় সব কিছুই দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে গেছে।

এই ঘটনার পর রঘুনাথপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

উল্লেখ্য, গত দুই-তিন মাসে বালুরঘাট শহর এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা সামনে এসেছে। শহরে বাড়তে থাকা এই ধরনের অপরাধমূলক ঘটনায় শহরবাসীর মধ্যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যেই ফের বড় চুরির ঘটনা স্থানীয়দের উদ্বেগ ও ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।