“জঙ্গিদের টার্গেটে এবার জম্মুর কারাগার?”-জারি হলো হাই অ্যালার্ট জারি, বাড়ানো হলো নিরাপত্তা

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং কোট বালওয়াল কেন্দ্রীয় কারাগারে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কার খবর পাওয়ার পর প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই দুটি জেলে বহু গুরুত্বপূর্ণ জঙ্গি এবং ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW) বন্দি রয়েছে। এ কারণেই হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
সূত্র অনুযায়ী, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে যে জম্মুর শ্রীনগর সেন্ট্রাল জেল ও কোট বালওয়াল জেলে জঙ্গিরা হামলার পরিকল্পনা করছে। এই খবর পাওয়ার পরই দুই জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত রবিবার শ্রীনগরে সিআইএসএফ (CISF)-এর ডিরেক্টর জেনারেল নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে সিআরপিএফ-এর কাছ থেকে জম্মু ও কাশ্মীরের কারাগারগুলোর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে সিআইএসএফ। এরপর থেকেই কেন্দ্রীয় বাহিনী ওই অঞ্চলগুলোর নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় তদন্ত সংস্থা (NIA) সম্প্রতি জম্মু কারাগারে বন্দি থাকা দুই ওজিডব্লিউ নিসার এবং মুশতাককে জিজ্ঞাসাবাদ করেছে। তারা ২০২৩ সালের পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগে বন্দি আছে। এছাড়াও ২০২৩ সালের ১ জানুয়ারি রাজৌরি জেলার একটি হামলায় তাদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে, যেখানে দুই শিশুসহ ৭ জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন।
গত ২৭ এপ্রিল এনআইএ এই ঘটনার তদন্তভার গ্রহণ করে। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, নিসার ও মুশতাক হামলার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন অথবা জঙ্গিদের সাহায্য করেছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর জঙ্গি নেটওয়ার্কের সন্ধান পেতে চাইছে তদন্তকারী সংস্থা।
বর্তমানে জম্মুর কেন্দ্রীয় জেল ও শ্রীনগর কারাগারের চারপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাম্প্রতিক জঙ্গি কার্যকলাপে উদ্বিগ্ন প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না।