“বাংলায় পরিস্থিতি খারাপ হলে রাষ্ট্রপতি শাসন জারি হোক….”-কেন্দ্রকে সুপারিশ রাজ্যপালের রিপোর্টে

মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে তিনি স্পষ্ট ভাষায় সুপারিশ করেছেন যে, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে সৃষ্ট চরম অশান্তি, যেখানে তিনজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছেন, সেই প্রেক্ষিতে রাজ্যপালের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাঁর রিপোর্ট পেশ করেন। রিপোর্টে তিনি বলেছেন, পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটলে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়টি বিবেচনা করা উচিত।
রাজ্যপাল তাঁর রিপোর্টে রাজ্যের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন। এছাড়া, মুর্শিদাবাদ এবং মালদার মতো স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF)-এর স্থায়ী শিবির স্থাপনেরও সুপারিশ করেছেন তিনি।
মুর্শিদাবাদের সুতি ও সামশেরগঞ্জ এলাকায় সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ থেকেই ব্যাপক হিংসার সূত্রপাত হয়। এই ঘটনা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর সোমবার মুর্শিদাবাদ সফরের কথা রয়েছে। এই আবহে রাজ্যপালের রিপোর্ট এবং তাতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের উল্লেখ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।