“সেনা ঘাঁটির ছবি-তথ্য ফাঁস!”-পাকিস্তানের ISI যোগের অভিযোগে গ্রেফতার ২ যুবক

পঞ্জাবের অমৃতসরে অবস্থিত ভারতীয় সেনা ক্যান্টনমেন্ট এবং বায়ুসেনা ঘাঁটির স্পর্শকাতর ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে অমৃতসর গ্রামীণ পুলিশ। শনিবার এই দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম পলক শের মাসিহ এবং সুরজ মাসিহ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অমৃতসরের সেনা ক্যান্টনমেন্ট এবং বায়ুসেনা ঘাঁটির ভেতরের ছবি তুলেছে এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন স্পর্শকাতর তথ্য বাইরের শক্তির কাছে পাচার করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, ধৃতদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির যোগসাজশ থাকতে পারে। এই গুরুতর ঘটনায় সরকারি গোপনীয়তা আইনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ধৃতদের নিবিড়ভাবে জেরা করা হচ্ছে এই চক্রের গভীরে পৌঁছনোর জন্য।
সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় কাশ্মীরির মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত। ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক এবং কৌশলগত বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা এবং আকাশপথে বিধিনিষেধ আরোপ অন্যতম। এই চরম উত্তেজনার আবহে পাক সীমান্তের খুব কাছে অবস্থিত পঞ্জাবের অমৃতসরের মতো গুরুত্বপূর্ণ সামরিক এলাকার ছবি ও তথ্য ফাঁসের অভিযোগকে দেশের নিরাপত্তা সংস্থাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।
পঞ্জাব পুলিশের মহানির্দেশক (ডিজিপি)-এর পক্ষ থেকে অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই গ্রেফতারের খবর জানিয়ে একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা বিঘ্নিত করার কোনো রকম প্রচেষ্টাই কঠোর হাতে দমন করা হবে। দেশের সুরক্ষার স্বার্থে পঞ্জাব পুলিশ ভারতীয় সেনার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বলেও উল্লেখ করা হয়েছে।