বন্দে ভারত থেকে রেলওয়ে কত টাকা উপার্জন করে, জানেন? বিস্তারিত জেনেনিন

একটা সময় ছিল যখন ভারতীয় রেলের দ্রুতগতির ট্রেনের তালিকায় রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের নামই কেবল উঠে আসত। সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলেছে। ভারতীয় রেলের মুকুটে নতুন পালক যোগ করেছে সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনের পর থেকেই যাত্রীদের মধ্যে এই ট্রেন অভাবনীয় জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি রুটে চলছে বন্দে ভারত। এই আবহে প্রশ্ন উঠেছে, বিপুল জনপ্রিয়তার নিরিখে বন্দে ভারত এক্সপ্রেস থেকে রেলের আয় ঠিক কত?

সম্প্রতি মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌড় নামের এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে (RTI) রেল মন্ত্রকের কাছে জানতে চান, বন্দে ভারত বা শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলি থেকে সরকারের মোট কত রাজস্ব আয় হয় এবং গত দুই আর্থিক বছরে শুধু বন্দে ভারত থেকে রেলের লাভ নাকি ক্ষতি হয়েছে?

এই RTI-এর উত্তরে রেল মন্ত্রক জানিয়েছে যে, তারা ট্রেন-ভিত্তিক রাজস্বের কোনও হিসাব রাখে না। অর্থাৎ, বন্দে ভারত বা শতাব্দী এক্সপ্রেসের মতো নির্দিষ্ট কোনও ট্রেন থেকে ঠিক কত টাকা আয় হচ্ছে, সেই তথ্য রেলের কাছে নেই।

রেলের এই জবাবে খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন RTI আবেদনকারী। তাঁর বক্তব্য, যেখানে রেল বন্দে ভারতে কত যাত্রী ভ্রমণ করছেন বা ট্রেনগুলি কত দূরত্ব অতিক্রম করছে, তার রেকর্ড রাখছে, সেখানে রাজস্ব সংক্রান্ত তথ্য না থাকাটা আশ্চর্যজনক।

তবে রেল যাত্রী সংখ্যা ও দূরত্বের রেকর্ড রাখছে। বর্তমানে দেশের ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বন্দে ভারত ছুটছে এবং এখনও পর্যন্ত প্রায় ২ কোটির বেশি যাত্রী এই ট্রেনে যাতায়াত করেছেন। ২০২৩-২৪ আর্থিক বছরে বন্দে ভারত ট্রেনগুলি সব মিলিয়ে যে দূরত্ব পেরিয়েছে, তা দিয়ে নাকি গোটা পৃথিবীকে ৩১০ বার প্রদক্ষিণ করা যেতে পারে! এর আগে গত বছর অক্টোবরে আরও একটি RTI-এর উত্তরে রেল জানিয়েছিল যে, বন্দে ভারত এক্সপ্রেসের ৯২ শতাংশেরও বেশি আসন সাধারণত ভর্তি থাকে। এই তথ্য থেকেই ট্রেনটির বিপুল জনপ্রিয়তা স্পষ্ট বোঝা যায়।

ট্রেনটির জনপ্রিয়তা প্রশ্নাতীত হলেও, ঠিক কতটা রাজস্ব এটি রেলের কোষাগারে জমা করছে, সেই নির্দিষ্ট হিসাবের অনুপস্থিতি খানিকটা ধোঁয়াশাচ্ছন্নই রাখছে পুরো বিষয়টিকে।