BigNews: শক্তিশালী ভূমিকম্পের পর চিলির দিকে ধেয়ে আসছে সুনামি, জারি হলো সতর্কতা

দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও চিলির কাছাকাছি উপকূলে আজ শুক্রবার আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভূপৃষ্ঠের অল্প গভীরে সংঘটিত এই কম্পনের পরই চিলির উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ক্যাপ হর্ন ও অ্যান্টার্টিকার মধ্যবর্তী ড্রেক প্যাসেজে। মাটি থেকে কম্পনটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।

ভূমিকম্পের পর পর চিলির বিপর্যয় প্রতিরোধ সংস্থা দেশটির দক্ষিণাঞ্চলের মেগালেনেস অঞ্চলের উপকূলীয় এলাকার সব মানুষকে সম্ভাব্য সুনামির ঢেউ থেকে বাঁচতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। সংস্থাটি জোরালোভাবে সতর্কতা দিয়ে বলেছে, সেখানে সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মেগালেনেস অঞ্চলে সুনামি সতর্কতামূলক সাইরেন বাজছে। তবে স্থানীয় বাসিন্দারা সতর্কতা মেনে বেশ স্বাভাবিকভাবে সেখান থেকে সরে যাচ্ছেন।

চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনগ্রাফিক সার্ভিস (এসএইচওএ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে (ভারতীয় সময় রাত ৮টা) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে চিলির সর্বদক্ষিণের বিভিন্ন শহর এবং অ্যান্টার্টিকার বেসে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। দেশটির অ্যান্টার্টিক ইনস্টিটিউট বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সুনামি সতর্কতার কারণে তাদের বেসগুলো খালি করে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। সুনামির সতর্কতা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা এনওএএ (NOAA) জানিয়েছে, অ্যান্টার্টিকায় অপেক্ষাকৃত ছোট (০ দশমিক ৩ মিটার উচ্চতার) এবং চিলির মূল ভূখণ্ডে এক থেকে তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপকূল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনার বিষয়টি মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “মেগালেনেস অঞ্চলের পুরো উপকূল থেকে আমরা সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে আমাদের কাজ হলো প্রস্তুতি নেওয়া এবং কর্তৃপক্ষের নির্দেশনা শোনা। সম্ভাব্য সুনামির জন্য সব ধরনের প্রস্তুতি আছে আমাদের।”

ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।