OMG! মাধ্যমিকের রেজাল্টের ফূর্তিতে পার্টি, লুচি-তরকারি খেয়ে অসুস্থ ৯ পরীক্ষার্থী

শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু এই ফলপ্রকাশের আগের রাতে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি দেবগ্রামে ঘটল এক অনভিপ্রেত ঘটনা। ফলাফল ভালো হওয়ার প্রত্যাশায় পিকনিক করতে গিয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী সহ এলাকার কিছু যুবক। লুচি-তরকারি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ হবে সেই আনন্দেই বৃহস্পতিবার রাতে দেবগ্রাম এলাকার কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী মিলে একটি ছোট পিকনিকের আয়োজন করেছিল। পিকনিকে লুচি আর তরকারির মতো সাধারণ খাবার তৈরি হয়েছিল। আর সেই খাবার খেয়ে মধ্যে রাত অর্থাৎ রাত ১২টার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করে মাধ্যমিক পরীক্ষার্থী সহ পিকনিকে অংশ নেওয়া বেশ কয়েকজন যুবক। ঘন ঘন বমি ও পায়খানা শুরু হয়ে যায় তাদের।

অসুস্থদের মধ্যে অন্তত ৯ জনের অবস্থা গুরুতর হয়ে উঠলে তাঁদের দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করানো হয়। বাকি কয়েকজন যুবককে বাড়িতেই রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে হাসপাতাল এবং বাড়িতে চিকিৎসাধীন সকলের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।

খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) কারণেই এতজন অসুস্থ হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অসুস্থ এক ছাত্রের পরিবারের এক সদস্যও সেকথা জানিয়েছেন। তিনি বলেন, “প্রথমে আমরা মনে করেছিলাম হয়তো কাঁচা আম বা অন্য কিছু খেয়ে এরকম হয়েছে। পরে বুঝি আম খেয়ে হয়নি। লুচি তরকারি খেয়েছিল সবাই। রাত ১২টার পর থেকেই বমি ও পায়খানা শুরু হয়ে যায়।”

উল্লেখ্য, এই অনভিপ্রেত ঘটনার দিন অর্থাৎ শুক্রবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদৃত সরকার, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। এ বছর মাধ্যমিকের সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের ৮৬.৩১ শতাংশের তুলনায় সামান্য বেশি। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর জেলা। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মেধা তালিকায় (প্রথম দশে) মোট ৬৬ জন স্থান পেয়েছে। প্রথম স্থান অধিকার করেছে একজনই। মাধ্যমিকের ফলপ্রকাশের আনন্দের দিনে এই অসুস্থতার ঘটনা দেবগ্রাম এলাকার শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হলেও বিষণ্ণতা এনে দিয়েছে।