ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা কঠিন…! জানালেন আল্লু অর্জুন

স্বপ্ন নগরী মুম্বই এমনিতেই তার জৌলুস আর গ্ল্যামারের জন্য বিখ্যাত। আর সেই শহরই যেন আরও ঝলমলে হয়ে উঠল যখন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ওয়ার্ল্ড অডিয়ো-ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫ (WAVES)-এর প্রথম সম্মেলনে এসে মঞ্চে উঠলেন। এই প্রথমবার আয়োজিত হওয়া WAVES সামিটে বিনোদন জগতের বহু রথী-মহারথীর সমাগম ঘটেছিল।

এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘ট্যালেন্ট বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক আলোচনা পর্ব, যার পরিচালনার দায়িত্বে ছিলেন টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস। এই বিশেষ অনুষ্ঠানে আল্লু অর্জুন কেবল তাঁর স্টারডম বা খ্যাতি নিয়ে নয়, বরং বিনোদন ইন্ডাস্ট্রিতে টিকে থাকার কঠিন লড়াই এবং ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনাচিন্তা সকলের সামনে তুলে ধরেন। তাঁর সাবলীল ও অকপট বক্তব্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

সামিটের আয়োজন এবং তার উদ্দেশ্যকে ভূয়সী প্রশংসা করে আল্লু অর্জুন বলেন, “ভারতের কাছে সবর্দাই একটি বৃহৎ হৃদয় ছিল, একটি আবেগ ছিল যা হয়তো প্রকাশের সঠিক মঞ্চ পায়নি। এবার আমাদের কাছে একটা মঞ্চও তৈরি হল সেই হৃদয়কে উজাড় করে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি WAVES ভারতের সৃজনশীল কন্টেন্ট বা বিষয়বস্তুকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার জন্য একটি শক্তিশালী লঞ্চ প্যাড হিসাবে কাজ করবে।”

আলোচনা চলাকালীন ‘পুষ্পা’খ্যাত এই অভিনেতা তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান, কীভাবে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা তাঁকে সাময়িকভাবে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল এবং প্রায় ছয় মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য করেছিল। আল্লু বলেন, “ওই বিরতি আমার কাছে আসলে কোনো অভিশাপ ছিল না, বরং এক অর্থে আশীর্বাদ ছিল। ওই কঠিন সময়েই আমার ফোকাস কেবল শারীরিক স্টান্ট বা অ্যাকশন থেকে পরিবর্তিত হয়ে অভিনয়ের সাবস্ট্যান্স বা মূল বিষয়বস্তুর উপর নিবদ্ধ হয়। আমি নতুন করে বুঝতে শিখি যে সময়ের সাথে সাথে মাসল বা শারীরিক ক্ষমতা হয়তো কমে যেতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অভিনয়ের দক্ষতাকে নিরন্তর বাড়িয়ে তোলা প্রয়োজন। সেই উপলব্ধি থেকেই অভিনয় আমার কাছে নতুন আঙিনা হয়ে ওঠে, যা আমাকে আরও গভীর ভাবে আকর্ষণ করে।”

নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়েও তিনি কথা বলেন, যা পরিচালক আটলির সঙ্গে তৈরি হতে চলেছে। এই সিনেমা নিয়ে তাঁর ভাবনা অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, “এটা কেবল একটি সিনেমা হবে না, বরং ভারতীয় অনুভূতি এবং আবেগকে কেন্দ্র করে তৈরি হওয়া এক অসাধারণ দৃশ্যপট হতে চলেছে। আমরা এই প্রোজেক্টে আমাদের দেশি আত্মার সঙ্গে আধুনিক বিদেশি প্রযুক্তিকে মেশাচ্ছি। এই অভিনব সংমিশ্রণে যা তৈরি হবে, তা কেবল ভারতের জন্য একটি সিনেমা হবে না, বরং ভারতের তরফে গোটা বিশ্বের কাছে একটি উপহার হবে।”

বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। নতুন প্রতিভা আসছে, প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই দ্রুত পরিবর্তনশীল পরিবেশে নিজেকে প্রাসঙ্গিক রেখে টিকে থাকা কতটা কঠিন এবং কী কী চ্যালেঞ্জের মুখে একজন অভিনেতাকে পড়তে হয়, তা নিয়েও টিভি৯ নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুণ দাসের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সুপারস্টার আল্লু অর্জুন। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার মন্ত্র হিসেবে তিনি বলেন, “প্রতিটি ভাষায় অসাধারণ দক্ষ অভিনেতারা উঠে আসছে, প্রতিযোগিতা এখন আরও কঠিন। এই ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে প্রতিটি অভিনেতাকে নিজেকে খাঁটি রাখতে হবে, কাজের জন্য নিরন্তর খিদে থাকতে হবে এবং অবশ্যই বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে। এটা শুধু একটা ইন্ডাস্ট্রি নয়, এটা আসলে সৃজনশীলতা এবং নিরন্তর বিবর্তনের এক কঠিন যুদ্ধক্ষেত্র।”

আলোচনার একটি অংশে যখন তিনি নিজের পরিবার নিয়ে কথা বলেন, তাঁর ঠাকুর্দা কিংবদন্তি অভিনেতা আল্লু রামালিঙ্গা, বাবা বিশিষ্ট প্রযোজক আল্লু অরবিন্দ এবং কাকা মেগাস্টার চিরঞ্জীবীর কথা উল্লেখ করেন, তখন তাঁর সারল্য, বিনয় এবং সততায় সকলে মুগ্ধ হয়ে যান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি নিজেকে ‘সেল্ফ-মেড ম্যান’ বা সম্পূর্ণ স্বনির্ভর মনে করি না। আমার চারপাশে থাকা মানুষের সমর্থন, তাঁদের স্নেহ ও পথ প্রদর্শনেই আমি তিল তিল করে বড় হয়েছি এবং আজকের জায়গায় পৌঁছেছি। আমি মনে করি আমি অত্যন্ত আশীর্বাদধন্য।”

সবশেষে, তাঁর অভিনয় চালিয়ে যাওয়ার মূল শক্তি কারা, এই প্রশ্নের উত্তরে তিনি তাঁর অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাঁর ফ্যানরাই তাঁকে প্রতিদিন নতুন করে অভিনয় করার শক্তি ও প্রেরণা জোগান। এই কথা বলেই তিনি আলাপচারিতা শেষ করেন। মুম্বইয়ের WAVES সামিটে আল্লু অর্জুনের উপস্থিতি কেবল গ্ল্যামার যোগ করেনি, বরং ভারতীয় বিনোদন শিল্পের ভবিষ্যৎ, একজন অভিনেতার লড়াই এবং সাফল্যের নেপথ্যের ভাবনা নিয়ে এক গভীর আলোচনাকেও সামনে এনেছে।