মাধ্যমিকে ছাত্রছাত্রীদের সাফল্যে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু !

আজ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার মাত্র ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করেছে পর্ষদ, যা এক প্রশংসনীয় উদ্যোগ। সাফল্যের এই দিনে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬.৫৬ শতাংশ উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ৬৬ জন কৃতী পরীক্ষার্থী। এছাড়া, মোট ১,২৭,৭১৬ জন পরীক্ষার্থী ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। জেলাগুলির মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
ফলপ্রকাশের পরপরই উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামিদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।” মুখ্যমন্ত্রী তাঁদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও তাঁদের অক্লান্ত সমর্থন ও পথনির্দেশের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, যাঁরা এবার আশানুরূপ ফল করতে পারেননি, তাঁদের হতাশ না হয়ে আগামীদিনে আরও চেষ্টা করার পরামর্শ দিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এক্স হ্যান্ডেলের মাধ্যমে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আজ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হলো। পাশের হার ৮৬.৫৬%। সফল ছাত্র-ছাত্রীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন। আশা করবো তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে। — Bratya Basu (@basu_bratya) May 2, 2025″। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, ছাত্রছাত্রীরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।
রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক এবং শিক্ষাগত নেতৃত্বের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তাগুলি কৃতী ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। সফল ছাত্রছাত্রীদের পাশাপাশি, তাদের পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও খুশির আমেজ।