“২ বলের বেশি টিকতে পারলো না…”-এবার মুদ্রার উল্টো পিঠ দেখলেন ১৪ বছরের বিস্ময় বালক বৈভব

এবারের আইপিএলের সর্বশেষ নিলামে মাত্র ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি টাকারও বেশি দামে কিনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালস। বিহারের এই কিশোর যে তাদের এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করেনি, বরং যোগ্যতার প্রমাণ দিয়েছে, তা সে মাঠের পারফরম্যান্সে দেখিয়ে দিয়েছে। আইপিএল ক্যারিয়ারের শুরুটা হয় এক বাউন্ডারি (ছক্কা?) মেরে, এরপর এক ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করে সে আলোড়ন তোলে। তবে গতকালের (বৃহস্পতিবার) ম্যাচ তাকে বুঝিয়েছে, ক্রিকেট মানে শুধু সাফল্য নয়, কঠিন পরীক্ষাও বটে।
অভিষেক ম্যাচে কিছু রান পেলেও অতটা বড় করতে পারেননি ইনিংস। এরপর এক ম্যাচ বিরতি দিয়ে গুজরাত টাইটান্সের বিপক্ষে ম্যাচে যা করলেন, তাতে নড়েচড়ে বসে ক্রিকেট বিশ্ব। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সে ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতক হাঁকানো সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখায়। তার এই দুর্দান্ত সেঞ্চুরির পর ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই তাকে আগামী দিনের ভারতের মহাতারকা হিসেবে ভাবতে শুরু করেন।
তবে গতকাল (বৃহস্পতিবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে যেন বাস্তবতার মুখোমুখি হলো ১৪ বছরের এই বিস্ময় কিশোর। এদিন সে শূন্য রানেই সাজঘরে ফিরেছে। মাত্র ২ বল খেলে দীপক চাহারের একটি স্লোয়ার বুঝতে না পেরে মিড অনের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে উইল জ্যাকসের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে যায় বৈভব। আউট হয়ে হতাশ মুখে প্যাভিলিয়নের দিকে তাকিয়ে ছিল সে। সম্ভবত সে বুঝতে পারছিল, তার আগের ম্যাচের পারফরম্যান্স দেখে মুম্বাই তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেই নেমেছিল এবং সে চাহারের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে।
এই শূন্য রান যেন তাকে সেই অমোঘ শিক্ষাই দিল যে, ক্রিকেট যেমন চূড়ার সাফল্য এনে দেবে, তেমনই কঠিন পরীক্ষার মুখেও দাঁড় করাবে। জীবনে যেমন উত্থান-পতন রয়েছে, ক্রিকেটও সেই পাঠ হাতে ধরে শিখিয়ে দেয়। আগের ম্যাচে দ্রুততম শতরান করে বৈভবও বুঝতে পারছিল, বড় মঞ্চে সাফল্য পেলে কীভাবে চারিদিকে চর্চা শুরু হয়ে যায়। এবার শূন্য রানে আউট হওয়ার পর মুদ্রার উল্টো পিঠটাও সে দেখে ফেলল। সেই সঙ্গে হয়তো বুঝে গেল, সব ম্যাচে নামলেই সাফল্য পাওয়া যায় না। খেলার মাঠে সাফল্য এবং ব্যর্থতা হাত ধরাধরি করে চলে।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে বৈভবের বিপক্ষে বল করার কথা ছিল যশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো বিশ্বসেরা বোলারদের। যদিও সে তাদের বল খেলার সুযোগ পায়নি। এদিকে, বৈভবের আগের ম্যাচের দুর্দান্ত শতরান দেখে তাকে দেখতে জয়পুরে খেলা দেখতে এসেছিলেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট। প্রথম ম্যাচে আউট হয়ে নাকি কেঁদে ফেলেছিল সে। তবে মুম্বাইয়ের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে তার চোখে জল দেখা যায়নি, যা হয়তো তার মানসিক দৃঢ়তা বৃদ্ধির ইঙ্গিত। কোটি টাকার দাম, রেকর্ড গড়া সেঞ্চুরি, আর শূন্য রানের আউট— সবকিছু নিয়ে বৈভব সূর্যবংশীর আইপিএল যাত্রা এখন অভিজ্ঞতা অর্জনের এক কঠিন অধ্যায়।