মাধ্যমিক ফলপ্রকাশের আগেই বিষক্রিয়া ! মুর্শিদাবাদে অসুস্থ পরীক্ষার্থী-সহ গ্রামের বহু, ঘটনা জানলে শিউরে উঠবেন

মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার আগের রাতে মর্মান্তিক খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত আন্দি দেবগ্রামে। শুক্রবার ফলপ্রকাশের আগে বৃহস্পতিবার রাতে গ্রামের বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ যুবকরা হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং গ্রামের বেশ কয়েকজন যুবক মিলে একটি পিকনিকের আয়োজন করেন। সেই পিকনিকে ডালপুরি আর তরকারি খাওয়া হয়েছিল। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, খাবার খাওয়ার পর থেকেই রাত প্রায় বারোটা নাগাদ অনেকের বমি শুরু হয় এবং মধ্যরাত থেকে তারা ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকেন। আচমকা এই ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় অসুস্থদের মধ্যে ন’জনকে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অন্যদিকে, যারা তুলনামূলকভাবে কম অসুস্থ ছিলেন, তাদের চিকিৎসা গ্রামেই শুরু হয়েছে।
বড়ঞা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে খাদ্য বিষক্রিয়ার কারণেই সকলে অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত গ্রামে ঔষধ ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে ৯ জনের চিকিৎসা চলছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। তিনি আরও জানান, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
মাধ্যমিক ফলপ্রকাশের ঠিক আগে এমন ঘটনা স্বাভাবিকভাবেই পরীক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় সকলেই কিছুটা স্বস্তিতে আছেন।