OMG! ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের, শোকে পরিবার

ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের (Misha Agarwal) আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তার অগণিত অনুরাগী। গত ২৪ এপ্রিল ২৪ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়। পরের দিন, অর্থাৎ ২৫ এপ্রিল তার বাবা-মা মৃত্যুর খবরটি জনসমক্ষে আনেন, তবে সে সময় মৃত্যুর সঠিক কারণ জানাননি, যা ঘিরে একরকম রহস্য তৈরি হয়েছিল।
সম্প্রতি মিশার পরিবার একটি বিবৃতি প্রকাশ করে তার মৃত্যুর নেপথ্যের কারণ ব্যাখ্যা করেছেন। তারা জানিয়েছেন, গত কিছুদিন ধরে মিশা গভীর মানসিক অবসাদে ভুগছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা নাকি অপ্রত্যাশিতভাবে কমতে শুরু করেছিল। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্সের মাইলফলক ছোঁয়ার স্বপ্ন দেখছিলেন তিনি, কিন্তু সেই লক্ষ্য পূরণ হচ্ছিল না। এই বিষয়টিই তাকে ক্রমশ অবসাদের দিকে ঠেলে দেয় বলে পরিবারের দাবি।
সামাজিক মাধ্যমে মিশার জনপ্রিয়তা নেহাত কম ছিল না। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা প্রায় সাড়ে তিন লাখের বেশি ছিল। সেখানে তিনি মূলত মজার মজার ভিডিও পোস্ট করতেন এবং এর মাধ্যমে তার জনপ্রিয়তাও বাড়ছিল।
মিশার বাবা-মা জানিয়েছেন, তাদের মেয়ে যে এভাবে হঠাৎ করে ফলোয়ার কমে যাওয়ায় ভেঙে পড়েছিল, সে বিষয়ে তারা পুরোপুরি অবগত ছিলেন না। তাদের কথায়, “আমাদের মেয়ের কাজই ছিল ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করা। ও এক মিলিয়ন ফলোয়ার্স হওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আচমকা ফলোয়ার বাড়ার বদলে কমে যাচ্ছিল।” তারা জানান, এই কারণে মিশা এক পর্যায়ে চুপচাপ হয়ে গিয়েছিল এবং একদিন কাঁদতে কাঁদতে বলেছিল, “আমার ফলোয়ার কমে যাচ্ছে। এবার কি তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে?”
মাত্র ২৪ বছর বয়সেই সোশ্যাল মিডিয়ার চাপে এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন মিশা আগরওয়াল। কাকতালীয়ভাবে, তার মৃত্যুর দিনটিও ছিল চলতি এপ্রিল মাসের ২৪ তারিখ, আর ২৬ এপ্রিল ছিল তার জন্মদিন। জন্মদিনের মাত্র দুদিন আগেই জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার। মিশার এই ঘটনা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এবং এর সঙ্গে জড়িত মানসিক চাপ সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলেছে।