যাত্রীবোঝাই বাস থামিয়ে নামাজ পাঠ, গ্রেফতার সরকারি বাসের ড্রাইভার! দেখুন ভিডিও

কর্ণাটকের হাভেরী জেলায় কর্তব্যরত অবস্থায় মাঝ রাস্তায় সরকারি বাস থামিয়ে নমাজ পড়ার অভিযোগ উঠল এক চালকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে কর্ণাটক পরিবহণ দফতর এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, চালকের এই আচরণের কারণে বাসের যাত্রীদের অসুবিধায় পড়তে হয়েছিল এবং বেশ কয়েকজন যাত্রী এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছিল গত ২৯শে এপ্রিল। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (KSRTC) একটি বাস হুবলি থেকে হাভেরীর দিকে যাচ্ছিল। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাসের চালকের আসনে বসেই নমাজ পড়ছেন ওই ব্যক্তি। ভিডিওতে আরও স্পষ্ট দেখা যায়, চালক সম্পূর্ণভাবে নিজের প্রার্থনায় মগ্ন, আর বাসের ভেতরে কিছু যাত্রী কৌতূহল বা বিরক্তি নিয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। আশ্চর্যের বিষয়, সেই মুহূর্তে বাইরের রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। জানা গেছে, ঘটনাটি ঘটেছে হুবলি-হাভেরি রোডের জাভেরির কাছাকাছি এবং অভিযুক্ত বাস চালকের নাম এ কে মোল্লা।
বাসে উপস্থিত কয়েকজন যাত্রী তাদের মোবাইল ফোনে এই দৃশ্য রেকর্ড করেন এবং দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। চালক মোল্লার নমাজ পড়ার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যাত্রীরা অভিযোগ করেন যে এভাবে মাঝপথে বাস থামিয়ে দেওয়ার ফলে তাদের গন্তব্যে পৌঁছতে বিলম্ব হচ্ছে এবং তাদের চরম অসুবিধা পোহাতে হচ্ছে। কয়েকজন ক্ষুব্ধ যাত্রী কর্ণাটক পরিবহণ নিগমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে কর্ণাটকের পরিবহণমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি ঘটনার সত্যতা যাচাই করেন এবং নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NWKRTC) ম্যানেজারকে চিঠি লিখে তদন্তের নির্দেশ দেন। মন্ত্রী তাঁর চিঠিতে স্পষ্ট করে লিখেছেন, “সরকারি চাকরিতে কর্মরত কর্মীদের কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলতে হয়। প্রতিটি ব্যক্তিরই তাঁর ধর্মীয় অনুশীলন করার অধিকার রয়েছে, তবে তা কর্তব্যের সময় করা উচিত নয়।” তিনি আরও বলেন, “যাত্রী নিয়ে রাস্তার মাঝখানে বাস থামিয়ে নমাজ পড়া অত্যন্ত আপত্তিকর এবং গ্রহণযোগ্য নয়।”
Mr.Ramalinga Reddy,Transport Minister of #Karnataka has ordered an inquiry into the Viral Video, where a driver of #NWKRTC bus is seen offering #Namaz inside the bus.Its alleged that driver stopped the #BUS and offered Namaz.The bus was enroute to #Haveri from #Hubbali..@RLR_BTM pic.twitter.com/asZ7ji8ocG
— Yasir Mushtaq (@path2shah) April 30, 2025
নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত দু’দিন আগে ডিউটি চলাকালীন ৫৮ বছর বয়সী ওই বাস চালককে নমাজ পড়তে দেখা যায়। NWKRTC কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে চালকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তারা ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এবং ঘটনার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে কঠোর এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁরা আশ্বাস দিয়েছেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে জনমানসে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অনেকেই কর্তব্যরত অবস্থায় চালকের এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।