অভিষেকের গালে লেগে সিঁদুর, বিয়ে সেরে একে-অপরকে চুমু খেলেন অভিষেক-শার্লি!

লোকে বলে, বিয়ের পর মেয়েদের নাকে সিঁদুর দেখলেই বোঝা যায় বর কতটা ভালোবাসে। কিন্তু গত ২৯ এপ্রিল সাতপাকে বাঁধা পড়া টলিপাড়ার নবতম জুটি অভিনেতা অভিষেক বসু ও অভিনেত্রী শার্লি মোদকের বিয়ের ছবি যেন কিছুটা ‘উলটপুরাণ’ লিখে দিল। বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি যখন ক্যামেরার সামনে এলেন, দেখা গেল অভিষেক বসুর গালে লেগে রয়েছে সিঁদুর! মিডিয়ার সামনেই ভালোবাসা প্রকাশে কোনো সংকোচ করেননি তারা, একে অপরকে চুম্বনও করলেন।
প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ক্লাবে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বসেছিল অভিষেকের ও শার্লির বিয়ের আসর। পোলাও, মাংস, মাছ, মিষ্টিসহ বাঙালি খাবারের আয়োজন ছিল এলাহি। তবে বিয়ের সাজেও ছিল আধুনিকতার ছোঁয়া। শার্লি বেছে নিয়েছিলেন লেহেঙ্গা, চিরাচরিত বাঙালি বধূর সাজে দেখা যায়নি তাকে। সকালে বিয়ের কিছু নিয়মকানুন পালন হয় এবং তার সঙ্গেই চলে বিয়ের বিশেষ ফটোশ্যুট।
অভিষেক ও শার্লির সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও তারা এতদিন নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিতেন। শুটিং ফ্লোর থেকেই তাদের প্রেমের শুরু। একসঙ্গে জিমেও যেতেন তারা, এমনকি ইনস্টাগ্রামে জিম-সেলফিও শেয়ার করতেন। তবে প্রেমের কথা তারা ঘোষণা করলেন একেবারে বিয়ের পিঁড়িতে বসেই। মনে করা হচ্ছে, অতীতের তিক্ত অভিজ্ঞতা (অভিনেত্রী দিয়া বসু ও সুরভি মল্লিকের সঙ্গে অভিষেকের পূর্বের সম্পর্ক যা প্রকাশ্যে এলেও ভেঙে যায়) থেকে শিক্ষা নিয়ে এবার অনেকটাই সতর্ক ছিলেন অভিষেক।
ধারাবাহিক ‘ফুলকি’-তে বর্তমানে অভিনয় করছেন অভিষেক, যেখানে শার্লি রয়েছেন খলনায়িকার ভূমিকায়। বিয়ের জন্য অল্প দিনের বিরতি নিয়েছেন অভিষেক, ধারাবাহিকে তার চরিত্রকে দিল্লি পাঠানো হয়েছে বলে দেখানো হচ্ছে। এই বিয়ে প্রমাণ করলো যে, সম্পর্কের ক্ষেত্রে ‘লেস ইজ মোর’ অর্থাৎ কম প্রকাশেই বেশি বিশ্বাস রেখেছেন অভিষেক ও শার্লি।