ঝড়বৃষ্টিতেই শেষ এপ্রিল! শুক্রবার পর্যন্ত দুর্যোগ, কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

এপ্রিল মাসের শেষটাও হতে চলেছে ঝড়বৃষ্টির সঙ্গেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা গেল। কলকাতা ও শহরতলিসহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকবে। এমনকি, শুক্রবার পর্যন্ত গোটা বাংলা জুড়েই এমন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৈশাখের মাঝামাঝি সময় হলেও আপাতত তীব্র গরম থেকে রেহাই মিলেছে রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। বরং, প্রতিদিনই বিকেল হতেই কালো মেঘে আকাশ ঢেকে যাবে এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে।

মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, রাজ্যের প্রায় সকল জেলাতেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন ঘন বজ্রপাতের আশঙ্কার কারণে মৌসম ভবন রাজ্যের সমস্ত জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে। তবে, তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকায় দিনের বেলা আবহাওয়া মনোরম থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও কমে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। প্রখর রোদ এবং গরমজনিত অস্বস্তি আপাতত রাজ্যবাসীর জন্য না থাকার সম্ভাবনাই বেশি।

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে ধেয়ে আসছে। এই কারণে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যবাসীকে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।